বিশ্বের ধনীদের বড় একটি অংশ এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বের মোট মিলিয়নেয়ার ও বিলিয়নেয়ারদের এক-তৃতীয়াংশের বেশি রয়েছেন এই দেশেই। এই প্রবণতার পেছনে রয়েছে প্রযুক্তি ও স্টার্টআপ খাতের ব্যতিক্রমধর্মী উত্থান। নতুন নতুন প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক উদ্যোগের প্রসার এবং বিনিয়োগবান্ধব পরিবেশে যুক্তরাষ্ট্রে দ্রুতগতিতে সম্পদশালীদের সংখ্যা বাড়ছে। এসব তথ্য উঠে এসেছে পরামর্শক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স এবং গবেষণা প্রতিষ্ঠান নিউ ওয়ার্ল্ড ওয়েলথের যৌথ এক প্রতিবেদনে, যার উপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনবিসি।
প্রতিবেদন অনুসারে, বর্তমানে যুক্তরাষ্ট্রে ৬০ লাখেরও বেশি ‘লিকুইড মিলিয়নেয়ার’ রয়েছেন। ‘লিকুইড মিলিয়নেয়ার’ বলতে বোঝায় এমন ব্যক্তি যাদের বিনিয়োগযোগ্য সম্পদের পরিমাণ ১ মিলিয়ন বা ১০ লাখ মার্কিন ডলারের বেশি। গত এক দশকে এই শ্রেণির সম্পদশালীর সংখ্যা ৭৮ শতাংশ বেড়েছে, যা বৈশ্বিক মিলিয়নেয়ারদের প্রায় ৩৭ শতাংশের প্রতিনিধিত্ব করে।
আরও গভীর পর্যায়ে গেলে দেখা যায়, ১০ কোটি ডলারের বেশি বিনিয়োগযোগ্য সম্পদ যাদের রয়েছে, তাদের বলা হয় সেন্টিমিলিয়নেয়ার। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে এ ধরনের ধনীর সংখ্যা ছিল ১০ হাজার ৮৩৫, যা দ্বিতীয় অবস্থানে থাকা চীনের তুলনায় চার গুণেরও বেশি। একই সময়ে ১০০ কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে এমন ব্যক্তি—অর্থাৎ বিলিয়নেয়ার—যুক্তরাষ্ট্রে আছেন ৮৬৭ জন, যা বিশ্বের মোট বিলিয়নেয়ারের এক-তৃতীয়াংশ।
যুক্তরাষ্ট্রে ধনীদের এই উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে প্রযুক্তি খাত। নিউ ওয়ার্ল্ড ওয়েলথের গবেষণা প্রধান অ্যান্ড্রু অ্যামোয়েলস বলেন, ‘সফটওয়্যার, মাইক্রোচিপ, অনলাইন খুচরা বিক্রি, ইন্টারনেট হোস্টিং, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর উচ্চগতির প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের নিরঙ্কুশ নেতৃস্থানীয় দেশ।’ এসব খাতেই সবচেয়ে বেশি মিলিয়নেয়ারের উত্থান দেখা যাচ্ছে।
প্রতিবেদনটি আরও জানায়, ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩ হাজার ৮০০ ধনী ব্যক্তি যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছেন। এর মধ্যে সেন্টিমিলিয়নেয়ার রয়েছেন ৯৫ জন। এসব অভিবাসী ধনীদের বেশিরভাগই থিতু হয়েছেন ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসে। বিশেষ করে প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য ক্যালিফোর্নিয়া সবচেয়ে পছন্দের গন্তব্য হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রের মধ্যে মিলিয়নেয়ারদের আবাসস্থল হিসেবে সবচেয়ে পরিচিত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে নিউইয়র্ক, বে এরিয়া এবং লস অ্যাঞ্জেলেস। এই শহরগুলো এখনো মিলিয়নেয়ারদের বসবাসের দিক থেকে শীর্ষে রয়েছে। তবে দ্রুততম সম্পদশালী বৃদ্ধির হারে এগিয়ে আছে অ্যারিজোনার স্কটসডেল। গত এক দশকে শহরটিতে মিলিয়নেয়ারের সংখ্যা ১২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০০-এ। দ্বিতীয় অবস্থানে থাকা ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে একই সময়ে ১১২ শতাংশ বেড়ে মিলিয়নেয়ারের সংখ্যা পৌঁছেছে ১১ হাজার ৫০০-এ। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে বে এরিয়া ও মায়ামি।
বসবাসের গন্তব্য হিসেবে ধনীদের কাছে সবচেয়ে জনপ্রিয় শহর দু’টি হচ্ছে নিউইয়র্ক ও বে এরিয়া। যদিও নিউইয়র্ক এখনো সামান্য ব্যবধানে এগিয়ে আছে, তবে বে এরিয়ার প্রবৃদ্ধির হার অনেক বেশি। বর্তমানে নিউইয়র্কে মিলিয়নেয়ারের সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৫০০, যেখানে বে এরিয়ায় রয়েছে ৩ লাখ ৪২ হাজার ৪০০ জন। তবে গত এক দশকে বে এরিয়ায় মিলিয়নেয়ার বেড়েছে ৯৮ শতাংশ, আর নিউইয়র্কে বেড়েছে ৪৫ শতাংশ।
এই সব তথ্যই প্রমাণ করে, বিশ্বজুড়ে ধনী শ্রেণির ভরকেন্দ্র ক্রমেই যুক্তরাষ্ট্রের দিকে সরে আসছে। প্রযুক্তিনির্ভর অর্থনীতির উত্থান, অভিবাসীবান্ধব নীতিমালা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ—সব মিলিয়ে যুক্তরাষ্ট্র হয়ে উঠেছে বিশ্বের ধনী ও সম্ভাবনাময় ব্যক্তিদের জন্য অন্যতম পছন্দের গন্তব্য।

