বাংলাদেশে চীনের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিনিধি দলের সফরের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। এই সফর বাংলাদেশ-চীন বিনিয়োগ সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
রবিবার (১ জুন) রাজধানী ঢাকায় ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলন’ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চৌধুরী আশিক মাহমুদ বলেন, এই সম্মেলন দুই দেশের বন্ধন আরও জোরালো করেছে। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চীনা ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর। এতে প্রায় ২৫০ জন চীনা ব্যবসায়ী অংশ নেন। তারা ১৪৩টি চীনা কোম্পানিকে প্রতিনিধিত্ব করেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলো শীর্ষ পর্যায়ের।
সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে বেজা ও বিডা। এতে সহযোগিতা করে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকাস্থ চীনা দূতাবাস।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।
সম্মেলনের টেকনিক্যাল সেশনে আলোচনার মূল বিষয় ছিল বিনিয়োগবান্ধব পরিবেশ, অর্থনৈতিক অঞ্চল, গার্মেন্টস ও টেক্সটাইল খাতে যৌথ উদ্যোগ, ইলেকট্রনিক্স ও যন্ত্রপাতি খাতে প্রযুক্তি স্থানান্তর। পাশাপাশি কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পেও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়।
দুই দেশের মোট প্রায় ৫৫০ জন ব্যবসায়ী প্রতিনিধি আলোচনায় অংশ নেন। চীনের পক্ষ থেকে বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করা হয়।
চৌধুরী আশিক মাহমুদ জানান, সম্মেলনে ১০০টিরও বেশি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠক হয় ব্যবসায়ী থেকে ব্যবসায়ী (B2B) এবং ব্যবসায়ী থেকে সরকারি (B2G) পর্যায়ে। এতে সম্ভাব্য যৌথ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। উদ্যোক্তারা ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে মতবিনিময় করেন।
তিনি আরও জানান, বেজা ও পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি চীনা অ্যাগ্রিভোল্টাইক্স অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।
এই সম্মেলনের মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ এবং বাংলাদেশের সম্ভাবনা দুই-ই একত্রে সামনে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ উদ্যোগ ভবিষ্যতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরালো করবে।

