মূলধন ভিত্তি আরও সুদৃঢ় করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির পরিচালনা পর্ষদ কৌশলগত বিনিয়োগকারীর দের জন্য রাইট শেয়ার ইস্যুর উদ্যোগও নিয়েছে। এই তথ্য জানা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে।
ডিএসইতে প্রেরিত তথ্যমতে, ইউসিবি তাদের পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের সমপরিমাণ নতুন শেয়ার ইস্যু করতে যাচ্ছে। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৫৫০ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা। এই অঙ্কের অর্ধেক, অর্থাৎ ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকার নতুন শেয়ার কৌশলগত বিনিয়োগকারীর অনুকূলে ইস্যু করা হবে। এই শেয়ারগুলোর অফার মূল্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে এবং উপযুক্ত সময়ে তা প্রকাশ করা হবে।
অন্যদিকে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দুটি বিদ্যমান শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা নিয়েছে। রাইট শেয়ারের প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা করে। একইসঙ্গে ব্যাংকটির পর্ষদ অনুমোদিত মূলধনের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার কোটি টাকায় উন্নীত করার প্রস্তাবও অনুমোদন করেছে। এই সিদ্ধান্ত কার্যকর হতে বিনিয়োগকারীদের অনুমোদন ছাড়াও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে, যা ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করা হবে।
২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইউসিবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪২ পয়সা (পুনর্মূল্যায়িত)। এ সময়ে ব্যাংকটির প্রতিশেয়ার সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ১১ পয়সা।
এছাড়া সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা করেনি। ওই বছরের ইপিএস ছিল ৫ পয়সা, যেখানে আগের হিসাব বছরে তা ছিল ১ টাকা ৪৫ পয়সা (পুনর্মূল্যায়িত)।
ব্যাংকটির এসব উদ্যোগ মূলধন কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতের প্রবৃদ্ধির সম্ভাবনা বাড়াবে বলে বিশ্লেষকদের ধারণা।

