রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক সোমবার (২ জুন) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তব্য রেকর্ড করতে ইতোমধ্যেই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে পৌঁছেছেন। বিকেল ৩টা থেকে পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণটি বিটিভি এবং বাংলাদেশ বেতারসহ একযোগে সম্প্রচারিত হবে। বাজেট প্রচারের আওতা বাড়াতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড নিয়ে একই সময়ে সম্প্রচারের আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশন প্রথম দফার আলোচনায় ওঠে আসা মতানৈক্যগুলো দূর করার লক্ষ্যে আজ থেকেই দ্বিতীয় দফার সংলাপ শুরু করছে। কমিশনের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিকেল সাড়ে ৪টায় এই সংলাপের দ্বিতীয় পর্বের সূচনা করবেন।
জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে গঠিত এই কমিশন সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের ওপর গঠিত পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের জমা দেওয়া সুপারিশ পর্যালোচনা ও চূড়ান্তকরণের কাজ করছে। এর আগে, ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত চলা প্রথম ধাপে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

