২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যোগাযোগ খাতে বেশিরভাগ বিভাগে বরাদ্দ কমেছে। তবে ব্যতিক্রম শুধু মেট্রোরেল প্রকল্প। রাজধানীর এই গুরুত্বপূর্ণ পরিবহন খাতে বরাদ্দ বেড়েছে প্রায় দ্বিগুণ।
সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
বাজেট প্রস্তাবে দেখা গেছে, মেট্রোরেল নির্মাণ ও পরিচালনায় নিয়োজিত প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর জন্য নতুন অর্থবছরে ১১ হাজার ৪৬৯ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এ বরাদ্দ ছিল ৬ হাজার ৬০৫ কোটি ৮১ লাখ টাকা। সেই হিসাবে বরাদ্দ বাড়ছে ৪ হাজার ৮৬৩ কোটি ৭২ লাখ টাকা।
ডিএমটিসিএল কাজ করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও মহাসড়ক বিভাগের আওতায়।
প্রসঙ্গত, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে এবং নিয়মিত যাত্রী পরিবহন করছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। পাশাপাশি ঢাকায় আরও পাঁচটি রুটে মেট্রোরেল নির্মাণকাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে।

