আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারীদের জন্য বাড়ছে ব্যয়। বিশেষ করে রূপচর্চার পণ্যে বাড়ানো হয়েছে শুল্কের ন্যূনতম মূল্য। এতে লিপস্টিক, ফাউন্ডেশন, ফেসওয়াশ, কাজলসহ ১০ ধরনের সাজসজ্জার উপকরণ আমদানিতে খরচ বাড়বে। আমদানিকারকরা বাড়তি শুল্ক দেবেন, যা পণ্যের বিক্রয়মূল্যের সঙ্গে যুক্ত হয়ে ভোক্তার ঘাড়ে চাপবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, প্রস্তাবিত এই পরিবর্তনের ফলে শুধু সাজসজ্জার খাতে বছরে সরকারের রাজস্ব আয় বাড়তে পারে প্রায় ৮০০ কোটি টাকা। অথচ এই অর্থ যোগান দিতে হবে সাধারণ ক্রেতাকেই।
কোন কোন পণ্যে বাড়ছে শুল্ক?
- লিপস্টিক: আগে প্রতি কেজি লিপস্টিকের ন্যূনতম শুল্কায়ন মূল্য ছিল ২০ ডলার। এখন তা দ্বিগুণ হয়ে ৪০ ডলার করা হয়েছে। ফলে আমদানিতে শুল্ক-কর দাঁড়াবে প্রায় ৭৮৩০ টাকা, যা আগে ছিল ৩৯১৫ টাকা।
- লিপ লাইনার: আগে কেজিপ্রতি শুল্কায়ন মূল্য ছিল ১০ ডলার। এখন তা বেড়ে হয়েছে ২০ ডলার। এতে শুল্ক-কর দ্বিগুণ হয়ে দাঁড়াবে প্রায় ৩৯১৪ টাকা।
- চোখ ও ভ্রুর প্রসাধনী (মাশকারা, কাজল, আইশ্যাডো): শুল্কায়ন মূল্য বেড়ে হয়েছে ৭ ডলার থেকে ১০ ডলার। আগে যেখানে কেজিপ্রতি শুল্ক ছিল ১৩৭১ টাকা, এখন তা হবে প্রায় ২০০০ টাকা।
- হাত-পায়ের রূপচর্চার সামগ্রী: আগে প্রতি কেজিতে শুল্ক-কর ছিল ৯৭৯ টাকা। নতুন হারে তা হবে ১৯৫৮ টাকা।
- ফেসওয়াশ: ন্যূনতম শুল্কায়ন মূল্য সাড়ে ৬ ডলার থেকে বেড়ে হয়েছে ১০ ডলার। এতে প্রতি কেজিতে শুল্ক দাঁড়াবে প্রায় ২২০০ টাকা।
- ফাউন্ডেশন, মেকআপ কিট, রং ফরসাকারী ক্রিম, পাউডার, ময়েশ্চার লোশন ইত্যাদি পণ্যেও শুল্কায়ন মূল্য দ্বিগুণ করা হয়েছে।
কেন বাড়ানো হলো শুল্ক?
অর্থনৈতিক চাপ মোকাবেলায় রাজস্ব বাড়াতে সরকার এই পদক্ষেপ নিয়েছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে সৌন্দর্যচর্চার এসব পণ্য আমদানি হয়েছে প্রায় সাড়ে ৪৫ লাখ কেজি। শুল্কায়ন মূল্য ছিল ৫০০ কোটি টাকা। সরকার এর বিপরীতে রাজস্ব পেয়েছে ৭৮৯ কোটি টাকা। বছর শেষে তা বেড়ে দাঁড়াতে পারে সাড়ে ৮০০ কোটি টাকায়।
নতুন নীতির ফলে আগামী বছর সরকারের রাজস্ব বাড়বে আরও ৮০০ কোটি টাকা। তবে সেই অর্থ দিতে হবে ক্রেতাদের—প্রধানত নারীদের, যারা এ ধরনের পণ্যের প্রধান ব্যবহারকারী।
বাজার বিশ্লেষকদের মতে, আমদানি শুল্ক বাড়লে স্বাভাবিকভাবেই এসব প্রসাধনীর দাম বাড়বে। এতে বিদেশি ব্র্যান্ডের পণ্যের বিক্রি কমতে পারে। তবে স্থানীয় বাজারে উৎপাদিত পণ্যের চাহিদা কিছুটা বাড়তে পারে। তবে তাতেও নারীভোক্তার পকেটের চাপ কমবে না।

