২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বেতন-ভাতা বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। আগামী ১ জুলাই থেকে বেতন ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। যদিও বাজেট বক্তৃতায় এই বাড়তি সুবিধার নির্দিষ্ট হার উল্লেখ করা হয়নি।
সোমবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “২০১৫ সালের পর থেকে নতুন কোনো বেতন কাঠামো হয়নি। তাই সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করছি।”
বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ ভাতা পাচ্ছেন। গত অর্থবছরে তৎকালীন অর্থমন্ত্রী মাহমুদ আলী এই ভাতা বাড়ানোর প্রস্তাব করেছিলেন। পরে তৎকালীন প্রধানমন্ত্রী তা দ্বিগুণ করে ১০ শতাংশ করেন।
এ ছাড়া ২০১৫ সাল থেকে সরকারি কর্মচারীরা নিয়মিত ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। ২০২৩ সালের জুলাই থেকে চালু হওয়া অতিরিক্ত ৫ শতাংশ বিশেষ প্রণোদনাও এখনো বহাল রয়েছে।
অর্থ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, নতুন বাজেটে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ১৫ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীরা ২০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পেতে পারেন। এই সুবিধা কার্যকর হবে ১ জুলাই থেকে।
বর্তমান জাতীয় বেতন স্কেল অনুযায়ী, গ্রেড-১ কর্মকর্তার বেতন ৭৮ হাজার টাকা। মন্ত্রিপরিষদসচিব ও মুখ্য সচিব পান ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিবদের বেতন ৮২ হাজার টাকা। বার্ষিক ইনক্রিমেন্টের হার গ্রেড অনুযায়ী ভিন্ন—গ্রেড-২ পদে ৩.৭৫ শতাংশ, গ্রেড-৩ ও ৪ পদে ৪ শতাংশ, গ্রেড-৫ পদে ৪.৫ শতাংশ এবং গ্রেড-৬ থেকে ২০ পর্যন্ত পদে ৫ শতাংশ।
চলতি বাজেটে বেতন-ভাতা খাতে ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। এতে বেতন ১৫ শতাংশ বাড়লে অতিরিক্ত প্রয়োজন হবে প্রায় ৬ হাজার কোটি টাকা। আর ২০ শতাংশ বাড়লে লাগবে ৮ হাজার কোটি টাকা বেশি।
তবে বেতন বৃদ্ধির হার এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

