পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) প্রকল্পের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন পূর্ণ সক্ষমতায় চালু হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রটি জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে একটি বড় ধাপ অতিক্রম করল।
সোমবার (২ জুন) বিকেলে ‘রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন’ সফলভাবে চালু করা হয়। এই সঞ্চালন লাইনের দৈর্ঘ্য প্রায় ১৫৮ কিলোমিটার। এতে রয়েছে ৪১৪টি টাওয়ার।
এর আগে প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপের প্রস্তুতির অংশ হিসেবে আরো দুটি হাইভোল্টেজ সঞ্চালন লাইন চালু করা হয়েছিল।
- ২০২২ সালের ৩০ জুন চালু হয় ‘রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভি সঞ্চালন লাইন’
- ২০২৪ সালের ৩০ এপ্রিল চালু হয় ‘রূপপুর-বগুড়া ৪০০ কেভি সঞ্চালন লাইন’
এই তিনটি লাইনের প্রতিটির সঞ্চালন ক্ষমতা ২০০০ মেগাওয়াট।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর ঈশ্বরদীর জয়নগরস্থ প্রধান নির্বাহী প্রকৌশলী এনায়েত করিম জানান, “রূপপুর-গোপালগঞ্জ সঞ্চালন লাইনটি আজ সফলভাবে চালু হয়েছে। রূপপুর প্রকল্পের প্রথম ইউনিট চালু হলেই এই লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।”

