মস্তিষ্কে চিপ স্থাপন করে মানুষের চিন্তাকে সরাসরি ডিজিটাল কমান্ডে রূপান্তর করার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংক। ক্লিনিক্যাল ট্রায়ালের ধাপে পৌঁছানোর পর প্রতিষ্ঠানটি ৬৫০ মিলিয়ন বা ৬৫ কোটি মার্কিন ডলারের এক বিশাল তহবিল সংগ্রহ করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে নিউরালিংক জানিয়েছে, এই অর্থ তাদের প্রযুক্তি আরও অনেক রোগীর কাছে পৌঁছে দিতে সহায়তা করবে। একইসঙ্গে এমন নতুন ডিভাইস তৈরির কাজেও এই বিনিয়োগ ব্যয় করা হবে, যা মানুষের জৈবিক বুদ্ধিমত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে সংযোগ আরও গভীর করতে পারবে।
নিউরালিংক বর্তমানে একটি ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তি তৈরি করছে, যার মাধ্যমে মস্তিষ্কের সংকেতকে এমনভাবে রূপান্তর করা যায়, যা বাইরের যন্ত্রপাতি বা প্রযুক্তি বুঝতে এবং প্রতিক্রিয়া জানাতে সক্ষম। প্রতিষ্ঠানটির প্রথম সিস্টেমের নাম ‘টেলিপ্যাথি’। এই সিস্টেমে ৬৪টি অতি সূক্ষ্ম থ্রেড রয়েছে, যেগুলো মানুষের চুলের চেয়েও পাতলা এবং এগুলো সরাসরি মস্তিষ্কে স্থাপন করা হয়। প্রতিটি থ্রেডে মোট ১,০২৪টি ইলেকট্রোড থাকে, যা স্নায়বিক সংকেত রেকর্ড করে ব্যবহারকারীর চিন্তার ভিত্তিতে কমান্ড তৈরি করতে সাহায্য করে।
প্রযুক্তিটির মূল লক্ষ্য হলো গুরুতর পক্ষাঘাতগ্রস্ত রোগীদের চিন্তার মাধ্যমে প্রযুক্তিগত যন্ত্রপাতি নিয়ন্ত্রণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া। নিউরালিংকের তথ্য অনুসারে, এ পর্যন্ত পাঁচজন রোগীর মস্তিষ্কে টেলিপ্যাথি সিস্টেম ইমপ্লান্ট করা হয়েছে এবং তাঁরা সফলভাবে শুধু চিন্তার সাহায্যে ডিজিটাল ডিভাইস ও বাস্তব জগতের নানা যন্ত্র পরিচালনা করতে পারছেন।
বর্তমানে প্রতিষ্ঠানটি চারটি ভিন্ন ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে যাচ্ছে, যেগুলো মূলত টেলিপ্যাথি সিস্টেমকে ঘিরেই পরিচালিত হচ্ছে। যদিও ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি একাডেমিক গবেষণায় বহু দশক ধরে আলোচিত হয়ে আসছে, নিউরালিংকের পাশাপাশি আরও কিছু প্রতিষ্ঠান এই প্রযুক্তির উন্নয়ন নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে সিনক্রন, প্যারাড্রোমিক্স ও প্রিসিশন নিউরোসায়েন্স।
সাম্প্রতিক এক ঘোষণা অনুযায়ী, প্যারাড্রোমিক্স তাদের বিএসআই সিস্টেম প্রথমবারের মতো একজন মানুষের দেহে সফলভাবে ইমপ্লান্ট করেছে। এটি প্রযুক্তিটির আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে।
এদিকে নিউরালিংক ভবিষ্যতে কী ধরনের প্রযুক্তি নিয়ে আসবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো ঘোষণা না দিলেও ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে চলেছেন। তিনি নিজেও নিউরালিংকের ইমপ্লান্ট গ্রহণে আগ্রহী বলে জানিয়েছেন। মাস্ক একাধিকবার এমন একটি প্রযুক্তির কথা বলেছেন, যা অন্ধ ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম হবে।
এই স্বপ্ন বাস্তবায়নের পথে নিউরালিংক ইতিমধ্যে ‘ব্লাইন্ডসাইট’ নামের একটি ডিভাইস তৈরি করেছে, যার জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) থেকে ‘যুগান্তকারী ডিভাইস’ স্বীকৃতি পেয়েছে। সাধারণত এই স্বীকৃতি এমন প্রযুক্তিগুলোকে দেওয়া হয়, যেগুলো জীবন-মরণ পরিস্থিতিতে থাকা রোগীদের জন্য চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করে। মাস্ক গত বছরের সেপ্টেম্বর মাসে এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে জানিয়েছিলেন, এমনকি যাদের দুই চোখই নেই কিংবা যাদের অপটিক নার্ভ নষ্ট হয়ে গেছে, তাদেরও ব্লাইন্ডসাইট ডিভাইসের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেতে সাহায্য করা সম্ভব হবে।
গত সপ্তাহে ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি এখন থেকে তাঁর পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে—টেসলা, স্পেসএক্স, নিউরালিংক, এক্সএআই এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এই পাঁচটি প্রকল্পেই অধিক মনোযোগ দিতে চান।
নিউরালিংকের সর্বশেষ অর্থায়ন রাউন্ডে অংশ নিয়েছে একাধিক প্রভাবশালী বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে এআরকে ইনভেস্ট, ডিএফজে গ্রোথ, ফাউন্ডার্স ফান্ড, জি৪২, হিউম্যান ক্যাপিটাল, লাইটস্পিড, কাতার ইনভেস্টমেন্ট অথরিটি (কিউআইএ), সিকোইয়া ক্যাপিটাল, থ্রাইভ ক্যাপিটাল, ভ্যালোর ইকুইটি পার্টনারস এবং ভাই ক্যাপিটাল।
এছাড়া মার্কিন বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলি নিউরালিংক এবং মাস্কের আরেক উদ্যোগ এক্সএআই-এর জন্য একটি পাঁচ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজ তৈরির পরিকল্পনা করছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই ৩০ কোটি ডলার সংগ্রহ করে ১১৩ বিলিয়ন ডলার মূল্যের কোম্পানি হিসেবে নিজেদের অবস্থান তৈরির পরিকল্পনা করছে।
এই সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে, নিউরালিংকের ভবিষ্যৎ কেবল চিকিৎসা বা প্রযুক্তি খাতে নয়, বরং মানব জীবনের মৌলিক অভিজ্ঞতাকেও আমূল বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করছে। তবে বাস্তবে এই সম্ভাবনাকে পূর্ণতা দিতে এখনো অনেক পথ বাকি।

