২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতকে আরও গতিশীল ও টেকসই করতে আগামী তিন বছরের মধ্যে ১৫ হাজার নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উদ্যোক্তাদের জন্য একটি কেন্দ্রীয় ডেটাবেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি, নারী উদ্যোক্তাসহ প্রান্তিক পর্যায়ের ১০ হাজার উদ্যোক্তাকে মোট ১ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হবে, যার আওতায় প্রতিজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা করে ঋণ পাবেন।
সোমবার, জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা আরও বলেন, এবারের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এই বাজেটের অন্যতম অগ্রাধিকার হচ্ছে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনীতির ভিত্তি মজবুত করা।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে সরকার নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে ২৫ হাজার উদ্যোক্তাকে দক্ষতামূলক ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি, বিভাগীয় শহরগুলোতে এসএমই পণ্য প্রদর্শন ও বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে এবং জেলা শহরগুলোতে আয়োজিত হবে আঞ্চলিক এসএমই পণ্য মেলা।
নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ৩ হাজার নারী উদ্যোক্তার সঙ্গে করপোরেট ক্রেতা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা তাঁদের ব্যবসায়িক সম্ভাবনা আরও প্রসারিত করবে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, ২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ছিল প্রায় ১১ দশমিক ৮৯ শতাংশ। এই সম্ভাবনাময় খাতের বিকাশে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
এ ছাড়া বাণিজ্য খাতে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লজিস্টিকস খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটাতে সম্ভাবনাময় দেশ ও আঞ্চলিক অর্থনৈতিক জোটগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের উদ্যোগ এবং অন্যান্য সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নও চলমান রয়েছে।
এই বাজেট বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে কর্মসংস্থান ও উৎপাদনশীলতার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

