২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রায় অর্ধেকে নেমে এসেছে। এবারের বাজেটে এ খাতে ২ হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেট বিশ্লেষণে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে মন্ত্রণালয়টি পেয়েছিল ৪ হাজার ৮৭৮ কোটি টাকা, যেখানে মূল বাজেট ছিল ৫ হাজার ৬৯৫ কোটি টাকা। তার আগের অর্থবছর ২০২৩-২৪-এ বরাদ্দ ছিল ৪ হাজার ৭৮৬ কোটি টাকা।
অন্তর্বর্তী সরকারের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, বরাদ্দ কমানো হলেও সরকার অভ্যন্তরীণ বিমান চলাচলকে আরও গতিশীল করতে চায়। একইসঙ্গে দেশের পর্যটন খাতে যে অপার সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রস্তাবিত বাজেটের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ৪০১ কোটি টাকা। পরিচালন ব্যয়ের জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৪ কোটি টাকা।
এ ছাড়া বিমান চলাচলের খরচ কমাতে জেট ফুয়েল ও অ্যাভিয়েশন স্পিরিটের আমদানি শুল্ক হার ৩ থেকে ১০ শতাংশ হ্রাসের প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের ধারণা, এতে অভ্যন্তরীণ ফ্লাইটে ভাড়া কমতে পারে, ফলে যাত্রীসংখ্যা বাড়বে এবং বিমান পরিবহন খাত আরও সচল হবে।
সার্বিকভাবে বাজেট বরাদ্দ কমে আসলেও সরকার এই খাতকে গুরুত্ব দিয়ে দেখছে এবং সাশ্রয়ী খরচে সেবা নিশ্চিত করার দিকে নজর দিচ্ছে। পাশাপাশি অব্যবহৃত সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে পর্যটন শিল্পকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করার পরিকল্পনাও রয়েছে।

