জুলাইয়ের রাজনৈতিক অভ্যুত্থানের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম বাজেট ঘোষণা করা হলো। এবারই প্রথমবারের মতো অর্থপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ দেশের বাজেট পেশ করেন, তবে নির্বাচিত সরকার অনুপস্থিত থাকায় তা সংসদে নয়, সরাসরি বাংলাদেশ টেলিভিশনের পর্দায় সম্প্রচার করা হয়। এ বাজেটকে অনেকেই বলছেন “দৃষ্টি-কেন্দ্রিক”, যার পেছনে আছে এক পাল্টে যাওয়া রাজনৈতিক বাস্তবতা।
ঘোষিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নানা বিশ্লেষণ ও প্রতিক্রিয়া। প্রশ্ন উঠছে এই বাজেট সাধারণ মানুষের, বিশেষত মধ্য ও নিম্নবিত্তের জীবনে আসলে কী প্রভাব ফেলবে?
রাজস্ব ও ব্যয়ের কাঠামো-
প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৯ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা, এনবিআর বহির্ভূত খাত থেকে ১৯ হাজার কোটি এবং অন্যান্য উৎস থেকে ৪৬ হাজার কোটি টাকা আসবে বলে আশা করা হচ্ছে।
মোট ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে ২ লাখ ৩০০ কোটি টাকা। বাজেটে ঘাটতি রাখা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৫ হাজার কোটি এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ১ হাজার কোটি টাকার ঋণ গ্রহণের পরিকল্পনা রয়েছে।
কারা কতটা উপকৃত-
বাজেটে কিছু পণ্যে আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) হ্রাসের প্রস্তাব করা হয়েছে। যার ফলে চিনি, স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, বাটার, বল পয়েন্ট কলম, আইসক্রিম, ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর, বিদেশি প্লাস্টিক ও তেজসপত্র, বিদেশি পোশাক, জুতা ও স্যান্ডেলের দাম কমতে পারে।
তবে অর্থনীতিবিদ ও সাধারণ নাগরিকদের মতে, এই তালিকায় অন্তর্ভুক্ত বেশিরভাগ পণ্য মধ্যবিত্ত ও নিম্নবিত্তের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসের বাইরে। বিশেষ করে বিদেশি মাছ-মাংস কিংবা বিদেশি পোশাক ও প্রসাধনী এসবের মূল্য কমে সাধারণ মানুষের জীবনে খুব একটা পরিবর্তন আসবে না। তাই অনেকেই এই মূল্যছাড়ের তালিকা দেখে আশাবাদী নন।
দামের ঊর্ধ্বগতি: ব্যয় বাড়ার আশঙ্কা
বাজেটে আমদানি শুল্ক ও ভ্যাট বাড়ানোর কারণে যে পণ্যের দাম বেড়ে যেতে পারে, তার মধ্যে আছে মোবাইল ফোন, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, কমপ্রেসর, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, মাইক্রোওয়েভ ওভেন, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকার, থালাবাসন, প্লাস্টিকের তৈজসপত্র, সাবান, শ্যাম্পু, গৃহস্থালী সামগ্রী, ব্লেড, এলপিজি গ্যাস সিলিন্ডার, প্রসাধনী (যেমন: লিপস্টিক, আইলাইনার, ফেস ওয়াশ), বিদেশি চকলেট ও মোটরসাইকেলের যন্ত্রাংশ।
গৃহনির্মাণের উপকরণ রডের দাম টনপ্রতি ৪০০ টাকা বাড়ানোর প্রস্তাব রয়েছে, যা নতুন বাড়ি নির্মাণ করতে আগ্রহী মধ্যবিত্তদের জন্য একটি বড় ধাক্কা। এছাড়া দেশীয় টেক্সটাইল মিল থেকে উৎপাদিত সুতার ওপর ভ্যাট বাড়ানোয় গামছা, লুঙ্গি ও অন্যান্য স্থানীয় পোশাকের দাম বেড়ে যাবে, যা সরাসরি প্রভাব ফেলবে নিম্ন আয়ের মানুষের ওপর।
ধূমপান নির্ভরশীল জনগোষ্ঠীর জন্যও বাজেট সুখবর বয়ে আনেনি। সিগারেটের দাম বাড়বে, ফলে খরচ বাড়বে এই শ্রেণির মানুষেরও।
মধ্যবিত্তের জন্য এই বাজেট কতটা সহায়ক-
বাজেটের সামগ্রিক কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায়, অন্তর্বর্তী সরকার এখানে বড় কোনো ঝুঁকি নেয়নি। অনেকেই একে বলছেন ‘গড় পার্টার বাজেট যেখানে রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে বাস্তবতা হলো, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণি আয়-ব্যয়ের সামঞ্জস্য নিয়ে আরও বেশি চাপে পড়বে। একদিকে কিছু বিলাসী বা অনাবশ্যক পণ্যের দাম কমানো হলেও, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় বেড়ে যাবে। ফলে স্বস্তির থেকে দুশ্চিন্তাই বেশি এই বাজেটকে ঘিরে।
এই বাজেট অর্থনীতিতে বড় কোনো কাঠামোগত পরিবর্তনের আভাস দেয়নি। বরং বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় এটি একটি ‘সেফ বাজেট’ হিসেবেই এসেছে। এখন প্রশ্ন হচ্ছে এই বাজেট আদৌ কতটা কার্যকরভাবে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারবে? অন্তর্বর্তী সরকারের মুখে হাসি ফোটানোর আশাবাদ যতটা, বাস্তবতার মেঘ কিন্তু এখনও অনেক গাঢ়।

