চীনে দুই চাকার ইলেকট্রিক যানবাহনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এদেশে ২০২৩ সালে প্রায় সাড়ে পাঁচ কোটি ইলেকট্রিক টু-হুইলার বিক্রি হয়েছে, যা সে বছর বিক্রি হওয়া সব ধরনের ইলেকট্রিক গাড়ির সংখ্যার ছয় গুণ। এই বিশাল বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যাটারি নির্মাতারা নতুন প্রযুক্তির দিকে ঝুঁকছেন। এবার তারা নজর দিচ্ছেন এক বিকল্প ও নবীন সম্ভাবনার দিকে সোডিয়াম আয়ন ব্যাটারি, যা তৈরি হচ্ছে সমুদ্রের লবণ থেকেও।
চীনের পূর্বাঞ্চলের হাংঝৌ শহরের এক বিপণি বিতানের সামনে সারি ধরে দাঁড়িয়ে আছে চকচকে নতুন কিছু ইলেকট্রিক মোপেড। দেখতে অনেকটা ভেসপার মতো এই যানগুলোর দাম ৩০০ থেকে ৫০০ পাউন্ডের মধ্যে, অর্থাৎ ৪০০ থেকে ৬৬০ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৫০ হাজার থেকে ৯০ হাজার। কিন্তু এগুলোর বিশেষত্ব শুধু বাহ্যিক রূপে নয়—এসব স্কুটারে ব্যবহৃত হচ্ছে নতুন প্রজন্মের সোডিয়াম ব্যাটারি, যা লিথিয়াম বা লিড অ্যাসিড ব্যাটারির বিকল্প হিসেবে উঠে এসেছে।
চীনের অন্যতম বৈদ্যুতিক টু-হুইলার নির্মাতা প্রতিষ্ঠান ‘ইয়াদিয়া’ ২০২৫ সালের জানুয়ারিতে আয়োজিত এক প্রচারণা অনুষ্ঠানে এই সোডিয়াম ব্যাটারিচালিত স্কুটারগুলো প্রথমবারের মতো জনসমক্ষে আনে। সেই ইভেন্টে প্রদর্শিত হয় দ্রুতগতির চার্জিং পিলার, যা মাত্র ১৫ মিনিটে ব্যাটারির ৮০ শতাংশ চার্জ পূরণ করতে পারে। পাশাপাশি ছিল ব্যাটারি সোয়াপিং স্টেশন, যেখানে মাত্র একটি কিউআর কোড স্ক্যান করেই পুরনো ব্যাটারি বদলে নতুন চার্জকৃত ব্যাটারি সংগ্রহ করা যায়, তাও মাত্র ৩০ সেকেন্ডে।
ইয়াদিয়া ইতোমধ্যেই তিনটি সোডিয়ামচালিত মডেল বাজারে এনেছে এবং আরও কিছু নতুন মডেল আনার পরিকল্পনাও রয়েছে। প্রতিষ্ঠানটি ‘হুয়ায়ু নিউ এনার্জি রিসার্চ ইনস্টিটিউট’ নামে একটি গবেষণা কেন্দ্র স্থাপন করেছে হাংঝৌতে, যেখানে নতুন ব্যাটারি প্রযুক্তির উন্নয়নে গবেষণা চলছে। এই ব্যাটারি প্রযুক্তির একটি বড় সুবিধা হলো, এর জন্য উচ্চ এনার্জি ডেনসিটির প্রয়োজন পড়ে না। যেহেতু এই যানবাহনগুলো সাধারণত কম গতিতে এবং স্বল্প দূরত্বে চলে, তাই কম শক্তির ব্যাটারিও যথেষ্ট। লিথিয়াম আয়নের তুলনায় সোডিয়াম ব্যাটারির শক্তি ধারণক্ষমতা কম হলেও এটি লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় বেশি টেকসই এবং পরিবেশবান্ধব, ফলে এটি মধ্যম মূল্যের একটি বাস্তবসম্মত ও কার্যকর বিকল্প হয়ে উঠছে।
২০২৪ সালে ইয়াদিয়া শেনঝেনে প্রায় দেড় লাখ ফুড ডেলিভারি কর্মীর জন্য একটি পাইলট প্রকল্প শুরু করে। এই প্রকল্পে কর্মীরা ব্যবহার করছেন সোডিয়াম ব্যাটারিচালিত স্কুটার এবং দ্রুত ব্যাটারি সোয়াপিং সুবিধা। এই উদ্যোগ এতটাই সফল হয়েছে যে, শহর কর্তৃপক্ষ ২০২৫ সালের মধ্যে ২০ হাজার এবং ২০২৭ সালের মধ্যে ৫০ হাজার চার্জিং ও সোয়াপিং স্টেশন স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে। এই প্রযুক্তি কেবল যানবাহনের জন্যই সীমাবদ্ধ নয়। চীনের গুয়াংজি প্রদেশে ইতোমধ্যেই চালু হয়েছে একটি সোডিয়াম ব্যাটারিচালিত বিদ্যুৎ সংরক্ষণ কেন্দ্র, যা প্রতিদিন দেড় হাজারের মতো পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করতে পারছে। ভবিষ্যতে বিদ্যুৎ সঞ্চয়ের বড় বড় প্রকল্পেও এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
সোডিয়াম আয়ন প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এটি পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য তুলনামূলক নিরাপদ। সোডিয়াম ব্যাটারিতে কোবাল্ট ও নিকেলের মতো ক্ষতিকর ধাতুর প্রয়োজন হয় না। পাশাপাশি সোডিয়াম পৃথিবীর ভূত্বকে এবং সমুদ্রজলে লিথিয়ামের চেয়ে প্রায় ৪০০ গুণ বেশি পরিমাণে বিদ্যমান, ফলে এটি সহজলভ্য ও সস্তা কাঁচামাল হিসেবে শিল্পে ব্যবহার উপযোগী।
তবে এই প্রযুক্তি একেবারে নতুন নয়। ১৯৭০-এর দশকে এর উন্নয়নের কাজ শুরু হলেও ১৯৯১ সালে সোনি যখন প্রথম সফল লিথিয়াম আয়ন ব্যাটারি বাজারে আনে, তখন সোডিয়াম প্রযুক্তির অগ্রগতি থেমে যায়। তবে ২০২১ সালে লিথিয়ামের মূল্য যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন থেকেই আবার সোডিয়াম ব্যাটারির দিকে মনোযোগ ফিরতে শুরু করে।
২০২৪ সালে চীনে একাধিক লিথিয়ামচালিত টু-হুইলারে আগুন লাগার ঘটনা জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয়। সেই প্রেক্ষাপটে গবেষকরা সোডিয়াম ব্যাটারির নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করছেন। চীনের শি’আন জিয়াওতং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উদ্ভাবন করেছেন এমন একটি সোডিয়াম ব্যাটারি ইলেকট্রোলাইট, যা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসেও ৮০ শতাংশ কার্যকারিতা বজায় রাখতে সক্ষম। চীনা কোম্পানিগুলো ২০২৪ সালেই ১৮০ গিগাওয়াট ঘণ্টা উৎপাদন ক্ষমতার ২৭টি সোডিয়াম ব্যাটারি কারখানা স্থাপনের ঘোষণা দেয়। ইতোমধ্যে ৫৫ বিলিয়ন ইউয়ান বা ৭ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে তারা এই প্রযুক্তির গবেষণায়, যা যুক্তরাষ্ট্রের সব ব্যাটারি স্টার্টআপের সম্মিলিত তহবিলের চেয়েও বেশি।
চীনের এমন অগ্রযাত্রা বিশ্বব্যাপী ব্যাটারি প্রযুক্তির ভবিষ্যৎ ধারা পাল্টে দিতে পারে। সমুদ্রের লবণ থেকে তৈরি ব্যাটারি এখন কেবল স্কুটারই নয়, বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত চালাতে সক্ষম হচ্ছে। পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং সহজলভ্য এই প্রযুক্তি হয়তো আগামী দিনের টেকসই জ্বালানি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।

