২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার তুলনামূলকভাবে ছোট হলেও এতে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করা হয়েছে। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কমিয়ে ৫ লাখ ৮০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে বাজেটে একটি অনৈতিক সিদ্ধান্তকে ‘ভালো উদ্যোগের ভিড়ে খারাপ বার্তা’ হিসেবে আখ্যা দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ঘর বা হাউজিং খাতে ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে, তা স্পষ্টতই নৈতিক অবক্ষয়ের প্রতিফলন বলে মত দিয়েছে সংস্থাটি।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৫-২৬: সিপিডির পর্যালোচনা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
তিনি বলেন, “এই ধরনের সুযোগ বাজেটের মূল উদ্দেশ্যের সঙ্গে যায় না। এটি জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী অবস্থানেরও পরিপন্থী। নৈতিক মানদণ্ডে এর কোনো গ্রহণযোগ্যতা নেই। কালো টাকা সাদা করার এই সুযোগ বাতিল করা জরুরি। না হলে সৎ করদাতারা নিরুৎসাহিত হবেন।”
বাজেটে কিছু ইতিবাচক দিকও রয়েছে
ড. ফাহমিদা বলেন, বাজেটে ভৌত অবকাঠামোর মধ্যে পরিবহন ও বিদ্যুৎ খাতে যথাযথ বরাদ্দ রাখা হয়েছে। করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে। এছাড়া, জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করাকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তবে কর কাঠামোতে কিছু অসামঞ্জস্যতা রয়েছে বলে জানান তিনি। মধ্যম পর্যায়ের করদাতাদের ওপর তুলনামূলক বেশি চাপ পড়বে, অথচ উচ্চ আয়ের করদাতাদের ক্ষেত্রে চাপ কম থাকবে। এছাড়া, অঞ্চলভেদে ৫ হাজার টাকার নির্ধারিত কর সীমা বৈষম্য সৃষ্টি করবে, কারণ রাজধানী ঢাকার তুলনায় অন্যান্য অঞ্চলে সেবার সুযোগ-সুবিধা একরকম নয়।
শিল্প খাতে কিছু সুযোগ, কিছু চাপ
শিল্প খাতে কিছু ভালো উদ্যোগ থাকলেও কিছু খাতে উৎপাদন ব্যয় বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ চাপ মোকাবিলায় শুল্ক হ্রাস, সাশ্রয়ী ঋণ এবং তুলনামূলক সস্তায় বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দেন ড. ফাহমিদা।
রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে প্রশ্ন
রাজস্ব আদায়ের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেন, “২০৩৫ সালের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে জিডিপির ১০ দশমিক ৫০ শতাংশ। অথচ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ধরা হয়েছে ৯ শতাংশ। অর্থাৎ ১০ বছরে মাত্র ১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য। এটি বাস্তবতা বিবর্জিত এবং মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনীতির লক্ষ্য অনুযায়ী যথাযথ নয়।”

