যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এমন এক সময় এই সম্ভাব্য আলোচনা হতে যাচ্ছে, যখন দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।
মঙ্গলবার (৩ জুন) সাউথ চায়না মর্নিং পোস্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তার আগের দিন, সোমবার হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, ট্রাম্প ও শি’র মধ্যে এই ফোনালাপের সম্ভাবনা রয়েছে, যা সম্প্রতি জেনেভায় স্বাক্ষরিত একটি অস্থায়ী দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি ঘিরে নতুন করে শুরু হওয়া বিতর্কের প্রেক্ষাপটে হতে পারে।
এই বিষয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও সোমবার একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়, বেইজিংকে চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করার ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ভিত্তিহীন এবং বাস্তবতা বিকৃত করে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র প্রশাসন যেসব পদক্ষেপ নিয়েছে— বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত চিপস রপ্তানিতে বিধিনিষেধ আরোপ এবং মার্কিন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের মতো বৈষম্যমূলক সিদ্ধান্ত— তা বেইজিং গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সমালোচনা করছে।
এর আগে, শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন যে, চীন সম্পূর্ণভাবে চুক্তি লঙ্ঘন করেছে। তার ভাষায়, “আমি খুব দ্রুত চীনের সঙ্গে একটি চুক্তি করেছিলাম, কারণ মনে করেছিলাম তাদের জন্য সামনে খারাপ কিছু অপেক্ষা করছে। চুক্তির কারণে পরিস্থিতি স্থিতিশীল হয়ে ওঠে এবং চীন আবার ব্যবসায়িক স্বাভাবিকতায় ফিরে আসে। কিন্তু এখন তারা সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে।”
চুক্তি অনুযায়ী, উভয় দেশ একে অপরের ওপর আরোপিত উচ্চ হারের শুল্ক ও বাণিজ্যিক বিধিনিষেধ থেকে সরে আসতে সম্মত হয়েছিল। এই ৯০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা অনেক বিশ্লেষকের কাছে ছিল একটি আশাব্যঞ্জক পদক্ষেপ। কিন্তু সাম্প্রতিক বাকবিতণ্ডা ও পাল্টাপাল্টি বিবৃতি ইঙ্গিত দিচ্ছে যে, আলোচনার পথ আরও জটিল হয়ে উঠছে।
যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো স্পষ্টভাবে উল্লেখ করেননি যে, চীন কোন দিক থেকে চুক্তি ভঙ্গ করেছে, তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, চীন চুক্তি অনুযায়ী গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রপ্তানির যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়ন করেনি। এই খনিজ পদার্থগুলোর মধ্যে রয়েছে ‘রেয়ার আর্থ’ উপাদান, যা উচ্চপ্রযুক্তি সামগ্রী তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার, সিবিএস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বেসেন্ট বলেন, ট্রাম্প ও শি’র মধ্যে খুব শিগগিরই ফোনালাপ হবে এবং তারা পারস্পরিক মতপার্থক্য নিরসনে অগ্রগতি অর্জন করবেন বলে তিনি আশাবাদী।
প্রসঙ্গত, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি কোনো ফোনালাপ করেননি। তবে হোয়াইট হাউজ ও প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন যে, দুই নেতার মধ্যে আলোচনা অচিরেই হতে পারে।
এই সম্ভাব্য আলোচনাকে ঘিরে বিশ্ব রাজনীতি ও বাণিজ্যিক অঙ্গনে কৌতূহল ও উদ্বেগ—দুই-ই বাড়ছে।

