বিদ্যুৎ ও জ্বালানি খাতে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশে এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে। অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি সত্ত্বেও দুই খাতেই ভর্তুকি কমানো সম্ভব হয়নি। সরকারের হিসাব অনুযায়ী, ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি দেয়া হয়েছে ২ লাখ ৬ হাজার ৯৬২ কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ খাতে ১ লাখ ৩৯ হাজার কোটি টাকা এবং গ্যাস ও অন্যান্য জ্বালানি খাতে ভর্তুকি দেয়া হয়েছে প্রায় ৬৮ হাজার কোটি টাকা।
এই সময়কালে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ ৫৯৩ শতাংশ এবং জ্বালানি খাতে ৩১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা মনে করেন, বিদ্যুৎ ও গ্যাস খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অবকাঠামো উন্নয়নের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ খাতের উন্নয়নে গুরুত্ব দিলেও জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় নজর দেওয়া হয়নি, যার ফলে ব্যয়বহুল জ্বালানি আমদানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে সরকারকে বড় অংকের ভর্তুকি দিতে হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ২০২০-২১ অর্থবছরে ভর্তুকি পেয়েছে ৮ হাজার ৯৪৫ কোটি টাকা। পরবর্তী বছর তা বেড়ে দাঁড়ায় ১১ হাজার ৯৬৩ কোটি টাকায়। ২০২২-২৩ অর্থবছরে এ পরিমাণ আরও বাড়ে ২৩ হাজার কোটি টাকায়, ২০২৩-২৪ অর্থবছরে ৩৩ হাজার কোটি টাকা এবং চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে বিপিডিবিকে বরাদ্দ দেয়া হয়েছে ৬২ হাজার কোটি টাকা। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে বিদ্যুৎ খাতে ভর্তুকি বেড়েছে প্রায় ৫৩ হাজার কোটি টাকা।
এই সময়ে বিদ্যুৎ খাতে ইনস্টল ক্যাপাসিটি ২২ হাজার ৩১ মেগাওয়াট থেকে বেড়ে হয়েছে ২৮ হাজার ৯৮ মেগাওয়াট। যদিও ২০১০ সালের বিদ্যুৎ মহাপরিকল্পনায় বছরে বিদ্যুতের চাহিদা ১০ শতাংশ বাড়বে বলে অনুমান করা হয়েছিল, বাস্তবে চাহিদা সে অনুপাতে বাড়েনি। ফলে উৎপাদন সক্ষমতার বড় একটি অংশ ব্যবহার না করেই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ বাবদ অর্থ পরিশোধ করতে হয়েছে, যা সরকারের ভর্তুকি ব্যয় বাড়িয়ে দিয়েছে।
সরকার বিদ্যুৎ উৎপাদনে উচ্চ ব্যয় করেও কম মূল্যে গ্রাহকের কাছে বিক্রি করছে, যার ফলে বিপিডিবিকে প্রতি বছর ভর্তুকি নিতে হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়ে বেসরকারি খাতে ব্যাপকভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়। এ পর্যন্ত ৮২টি বেসরকারি ও ৩২টি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রকে ক্যাপাসিটি পেমেন্ট হিসেবে দেয়া হয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা। ২০২৩ সালের জুন পর্যন্ত এই পরিমাণ থাকলেও ২০২৫ সালের জানুয়ারিতে তা দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে বিভিন্ন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে। কোথায় কোথায় ব্যয় বেশি হচ্ছে এবং কোন জ্বালানি ব্যবহারে উৎপাদন খরচ কম হবে সেই বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। তার মতে, পূর্ববর্তী সময়ের বকেয়া পরিশোধের কারণে চলতি অর্থবছরে ভর্তুকির পরিমাণ বেড়েছিল, তবে প্রস্তাবিত বাজেটে তা কমিয়ে ৩৭ হাজার কোটি টাকায় আনা হয়েছে। এখন আর কোনো বকেয়া নেই, বিলম্ব মাশুল নেই ফলে ভবিষ্যতে ভর্তুকি আরও কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিদ্যুতের পাশাপাশি জ্বালানি খাত, বিশেষ করে গ্যাস খাতেও ভর্তুকি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এলএনজি আমদানির কারণে এই খাতে সরকারকে বড় অংকের ভর্তুকি দিতে হচ্ছে। চলতি অর্থবছরে গ্যাস খাতে ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ৭৫০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ হাজার কোটি টাকা বেশি। ২০২৩-২৪ অর্থবছরে গ্যাস খাতে ভর্তুকি ছিল ৮ হাজার ২২০ কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে গ্যাস খাতে ভর্তুকি ছিল ৫ হাজার ২৯৭ কোটি টাকা। পরবর্তী বছর তা বেড়ে দাঁড়ায় ১১ হাজার ৪৮৭ কোটি টাকায় এবং ২০২২-২৩ অর্থবছরে ২১ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস খাতে ভর্তুকির বেশিরভাগই ব্যয় হচ্ছে এলএনজি আমদানিতে। উচ্চমূল্যে এলএনজি কিনে গ্রাহকের কাছে কম দামে সরবরাহ করতে গিয়ে এই ঘাটতি তৈরি হচ্ছে। বর্তমানে জাতীয় গ্রিডে গড়ে ২০ শতাংশ এলএনজি সরবরাহ করা হয়, যা সরকারকে ব্যাপক অর্থ ব্যয়ে বাধ্য করছে।
পেট্রোবাংলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন জরিপ ও পরিকল্পনায় অনুসন্ধানের পরামর্শ থাকলেও তা বাস্তবায়ন না করে আমদানিনির্ভরতাকে গুরুত্ব দেয়া হয়েছে। সীমিত পরিসরে এলএনজি আমদানি করতে গিয়েই পেট্রোবাংলা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে। যদিও বর্তমানে কিছু গতি এসেছে, তবে বৃহৎ আকারে কার্যক্রম পরিচালনায় প্রয়োজন বড় অঙ্কের বিনিয়োগ।

