অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই উন্নয়ন খাতে বরাদ্দকৃত ব্যয় খতিয়ে দেখে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে। সেই অনুযায়ী প্রকল্পগুলোর খরচ যৌক্তিক মাত্রায় নিয়ে এসে সরকার সাশ্রয় করেছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা। এই অর্থ মূলত অপ্রয়োজনীয়ভাবে বাড়িয়ে ধরা হয়েছিল, যার বড় অংশ লুটপাটের ঝুঁকিতে ছিল।
বুধবার (৪ জুন) সকালে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে এসব তথ্য জানান। তিনি লেখেন, “সরকার কি করছে?”—এমন প্রশ্ন প্রায়ই ওঠে। আমরা বলি, ব্যাখ্যা দিই, তবুও অনেকেই মানতে চান না। আজ মনে হলো একটি উদাহরণ সুনির্দিষ্ট তথ্যসহ সবার সামনে তুলে ধরা দরকার।
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনর্মূল্যায়ন করে দেখা যায়, প্রায় প্রতিটি প্রকল্পেই অযৌক্তিকভাবে ব্যয়ের প্রাক্কলন বা এস্টিমেট করা হয়েছে। এসব খাতে ব্যয় যৌক্তিকভাবে হ্রাস করা হয়েছে।
আজাদ মজুমদার তার পোস্টে আরও বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ব্যয় কমানো হয়েছে ১০ হাজার ৮৫৪.৩২ কোটি টাকা। সেতু বিভাগে সাশ্রয় হয়েছে ৭ হাজার ৫৩৭ কোটি টাকা। রেলপথ মন্ত্রণালয়ে ব্যয় কমানো হয়েছে ৮ হাজার ৩৬.৯০ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগে ৭ হাজার ৪৫৪.৩১ কোটি টাকা এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে ১২ হাজার ৪২৫.৫১ কোটি টাকা ব্যয় হ্রাস করা হয়েছে।
সব মিলিয়ে মোট পাঁচটি বিভাগের ব্যয় সংকোচনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ হাজার ৩০৮.০৪ কোটি টাকা। আজাদের ভাষায়, এই বিপুল অর্থ মূলত লুটপাটের জন্য বরাদ্দ করা হয়েছিল, যা সরকার জনগণের পক্ষে থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে।
তিনি আরও জানান, এই সাশ্রয় করা অর্থের মাধ্যমে জ্বালানি খাতে সব ধরনের বকেয়া পরিশোধ করে এখন সে খাতকে পুরোপুরি দায়মুক্ত করা হয়েছে। এই উদাহরণটি সরকার কী করছে এই প্রশ্নের এক জোরালো উত্তর হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন। সততা ও দক্ষতায় পরিচালিত হলে প্রশাসন কীভাবে জনগণের সম্পদ রক্ষা করতে পারে, তা এ ঘটনা স্পষ্টভাবে তুলে ধরে।

