২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশিক্ষণ খাতে বড় ধরনের বরাদ্দছাঁটাই করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে এই খাতে যেখানে বরাদ্দ ছিল ৬২৮ কোটি ৬০ লাখ ৭৭ হাজার টাকা, সেখানে আগামী অর্থবছরে তা কমিয়ে ৯১ কোটি ৭ লাখ ২৯ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ এক বছরে কমে গেছে ৫৩৭ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার টাকা, যা শতাংশের হিসাবে ৮৫ দশমিক ৫১ শতাংশ। যদিও চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতের বরাদ্দ কমিয়ে ৪১৫ কোটি ৯১ লাখ ৪ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছিল, তবুও সেই তুলনায়ও কমছে ৭৮ দশমিক ১০ শতাংশ।
এমন এক সময়ে প্রশিক্ষণ খাতে এত বড় কাটছাঁট করা হলো, যখন দেশের শিক্ষা ব্যবস্থায় দক্ষ শিক্ষকের ঘাটতি অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত। শিক্ষানবিশ , পেশাগত ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণে বিনিয়োগ কমে যাওয়ায় সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নয়নের পথ আরও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম এই সিদ্ধান্তকে হতাশাজনক আখ্যা দিয়ে বলেন, বাজেটে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা বলা হলেও, বাস্তব বরাদ্দের চিত্রে তার প্রতিফলন দেখা যায় না। তার ভাষায়, “শিক্ষার মান উন্নয়নে যা দরকার, সেই পদক্ষেপগুলো আমরা দেখি না। এবারের বাজেটও ব্যতিক্রম নয়। প্রাথমিক ও গণশিক্ষা হচ্ছে শিক্ষার ভিত্তি। এ স্তরে এখনও ব্যাপক শিক্ষকসংকট ও প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। তাই প্রশিক্ষণ খাতে বরাদ্দ কমিয়ে দিলে, তা ভিত্তি দুর্বল করেই রাখবে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী বরাদ্দে যে অর্থ ব্যয় করা হয়েছিল, সেখানে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল। কিন্তু শুধু বরাদ্দ কমিয়ে দিলেই দুর্নীতি কমে যাবে এমন ভাবনা বাস্তবসম্মত নয়। এখন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষক রয়েছেন। তাদের মানসম্মত প্রশিক্ষণে ৯১ কোটির মতো অল্প বাজেট কতটা কার্যকর হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বরং সরকারের উচিত ছিল উপযুক্ত অর্থ বরাদ্দ রেখে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ (২০২৩) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সরকারি বিদ্যালয়ে বর্তমানে ৬ লাখ ৫০ হাজার ২৯৩ জন শিক্ষক কর্মরত। এর মধ্যে পেশাগত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ২ লাখ ৯৭ হাজার ৭৭ জন, অর্থাৎ এখনও অর্ধেকেরও বেশি শিক্ষক কোনো ধরনের পেশাগত প্রশিক্ষণ পাননি। অন্যদিকে, প্রাক-প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত আছেন ৬৭ হাজার ৯৬৫ জন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ৬৭ হাজার ৮২৬ জন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন বলেন, মানসম্মত শিক্ষা দিতে হলে মানসম্মত প্রশিক্ষণ জরুরি। তিনি জানান, এখন যে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয় তা প্রতি দুই-তিন বছর অন্তর অনুষ্ঠিত হয়, যেখানে তা প্রতিবছর অন্তত একবার হওয়া প্রয়োজন। এছাড়া আধুনিক শিক্ষাব্যবস্থায় আইসিটি প্রশিক্ষণ এখন বাধ্যতামূলক হওয়া উচিত। তিনি বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম, অন্তর্বর্তী সরকার প্রশিক্ষণ নিয়ে যথাযথ পরিকল্পনা নেবে। কিন্তু বরাদ্দ কমানো হলে তা শিক্ষার জন্য ক্ষতিকর হবে।
শিক্ষকদের প্রশিক্ষণ কাঠামো নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন আছে। বর্তমানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর অধীনে ৬৭টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) রয়েছে, যেখানে মৌলিক প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। তবে এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ইনস্ট্রাক্টর সংকট, পাঠ্যক্রম ঘাটতি এবং অব্যবস্থাপনার কারণে কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। যদিও বিগত সময়ে আইসিটি, বিষয়ভিত্তিক ও সাব-ক্লাস্টার প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছিল, কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, এর বেশিরভাগই ছিল দুর্নীতিগ্রস্ত এবং প্রয়োজনের তুলনায় অনেক বেশি খরচ সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, প্রশিক্ষণ জরুরি, তবে তার আগে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ আরও জরুরি। তার মতে, “বিষয়ভিত্তিক শিক্ষক সংকট এখন খুব প্রকট। পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রমে পূর্ববর্তী সময়গুলোতে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি ছিল। প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় খরচের উদাহরণও রয়েছে। বরাদ্দ বাড়লে তা কতটা কাজে লাগছে, তা নিয়েও প্রশ্ন আছে। সেসব অভিজ্ঞতার আলোকে সরকার এখন বরাদ্দ কমিয়ে থাকতে পারে। তবে এখনই সময় শিক্ষকসংকট দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের এবং প্রশিক্ষণে স্বচ্ছতা নিশ্চিত করার।”
এ বিষয়ে মন্তব্যের জন্য প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

