মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেট বিল নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্টে বিলটির বিরুদ্ধে অবস্থান নেন তিনি। মাস্ক বিলটিকে ‘জঘন্য ও ঘৃণ্য আখ্যা দিয়ে বলেন, এটি কেবল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থাকে আরও দুর্বল করবে এবং নাগরিকদের কাঁধে চরম ঋণের বোঝা চাপাবে।
ট্রাম্প প্রশাসন এই বাজেট বিলকে ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ বলে অভিহিত করলেও মাস্ক তাতে একেবারেই একমত নন। ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগের কয়েক দিন পরই মঙ্গলবার নিজের অবস্থান স্পষ্ট করেন মাস্ক। এক্সে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, “আমি দুঃখিত, কিন্তু আমি আর এটা সহ্য করতে পারছি না। কংগ্রেসের এই বিশাল, আপত্তিকর এবং অহেতুক ব্যয়বহুল বিলটি একটি জঘন্য ও ঘৃণ্য বিষয়। যাঁরা এর পক্ষে ভোট দিয়েছেন, তাঁদের লজ্জা হওয়া উচিত। আপনারা জানেন, আপনারা ভুল করেছেন।”
পরবর্তী পোস্টগুলোতে মাস্ক তাঁর বিরোধিতার কারণ ব্যাখ্যা করে বলেন, বিলটিতে প্রস্তাবিত ব্যয় এবং করছাড় জাতীয় ঋণকে আরও বাড়িয়ে দেবে। তাঁর ভাষায়, এটি এরই মধ্যে বিশাল বাজেট ঘাটতিকে আড়াই ট্রিলিয়ন ডলারে উন্নীত করবে এবং আমেরিকান নাগরিকদের ভয়াবহভাবে অসাড় ঋণের বোঝায় ফেলবে।” আরেক পোস্টে মাস্ক সাফ বলেন, “কংগ্রেস আমেরিকাকে দেউলিয়া করে দিচ্ছে।
বিলটির মূল উদ্দেশ্য হলো ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে (২০১৭ সালে) চালু হওয়া করছাড়কে প্রসারিত করা এবং প্রশাসনের কিছু অগ্রাধিকার খাতে তহবিল সরবরাহ করা। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য সাড়ে ৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।
তবে সমালোচকদের মতে, এই বিল বাস্তবায়নের ফলে জাতীয় ঋণের সীমা প্রায় ৪ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়বে। শুধু তাই নয়, এটি মেডিকেড ও সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিসটেন্স প্রোগ্রামের মতো গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর প্রবেশাধিকারও সীমিত করতে পারে।
রক্ষণশীল বিশ্লেষকদের অনেকেই জাতীয় ঋণের এমন বৃদ্ধির বিরোধিতা করেছেন। গত ২২ মে ভোরে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ২২১৫-২১১৪ ভোটে বিতর্কিত এই বাজেট বিলটি পাস হয়। ৪৩৫ সদস্যের এই কক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বেশ কিছু সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন কিংবা কেবল ‘উপস্থিত’ ভোট দিয়েছেন।
মাস্ক সম্প্রতি পর্যন্ত ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর তিনি newly formed ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির নেতৃত্ব দেন। তবে এখন সেই প্রশাসনেরই বাজেট পরিকল্পনা নিয়ে তাঁর তীব্র ক্ষোভ প্রকাশ নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
এই মন্তব্যের ফলে ট্রাম্প ও মাস্কের মধ্যকার সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। জানা গেছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার অভিযানেও মাস্ক ছিলেন অন্যতম বড় দাতা। তবে হোয়াইট হাউস এ নিয়ে কোনো উত্তেজনার কথা স্বীকার করেনি। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দেখুন, ইলন মাস্ক এই বিল সম্পর্কে কোনো অবস্থান নিয়েছেন তা প্রেসিডেন্ট জানেন। তবে এটি প্রেসিডেন্টের মতামত পরিবর্তন করবে না। এটি একটি বড় সুন্দর বিল এবং তিনি এতে অটল।

