কোরবানির ঈদকে সামনে রেখে দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা প্রায় ২০ হাজার চামড়া কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তবে দীর্ঘদিনের বকেয়া পাওনা আদায় নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা। ট্যানারি মালিকদের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা বকেয়া পাওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে চামড়া ব্যবসায়ীদের মধ্যে।
দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের আহ্বায়ক আকতার আজিজ জানান, বর্তমানে দিনাজপুর জেলায় মাত্র ২০ জন ব্যবসায়ী চামড়া কেনাবেচার সঙ্গে যুক্ত আছেন। অথচ ট্যানারি মালিকদের কাছে তাদের পাওনা টাকার পরিমাণ প্রায় ২ কোটি। নিয়ম অনুযায়ী, প্রতি বছর কোরবানির আগে ট্যানারি মালিকদের এই বকেয়া পরিশোধ করে আড়তদারদের অগ্রিম অর্থ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। ফলে ঈদ ঘনিয়ে এলেও তারা অর্থ সংকটে ভুগছেন, যা ব্যবসায়িক প্রস্তুতিকে বাধাগ্রস্ত করছে।
চামড়া সংরক্ষণের খরচ বৃদ্ধিও এই শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আকতার আজিজ জানান, একটি ছাগলের চামড়া সংরক্ষণে লবণ ও শ্রমিক খরচ পড়ে প্রায় ৫৫ টাকা, যা বিক্রয়মূল্যের তুলনায় অলাভজনক। তাই অনেক ব্যবসায়ী ছাগলের চামড়া কিনতে আগ্রহ হারাচ্ছেন।
চামড়া ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনে সেটি সংরক্ষণের জন্য লবণ, শ্রমিক খরচসহ প্রতিটি গরুর চামড়ায় খরচ পড়ে প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা। এরপরও যখন ট্যানারিগুলো সময়মতো টাকা দেয় না, তখন সেই ব্যবসায় ক্ষতির মুখে পড়ে। গত বছরের কোরবানির মৌসুমে বিক্রি করা চামড়ার প্রায় ২ কোটি টাকা এখনও পরিশোধ হয়নি, যা এখানকার ব্যবসায়ীদের জন্য একটি বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। এতে করে ব্যবসায়ীদের সংখ্যা কমে যাচ্ছে, আর চামড়া শিল্প ক্রমশ ধ্বংসের পথে এগোচ্ছে।
চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করে বকেয়া আদায়ের ব্যবস্থা গ্রহণ করে। ব্যবসায়ীরা চান, দেশের ঐতিহ্যবাহী চামড়া শিল্পের গৌরব ফিরে আসুক এবং এই খাত যেন আবারও লাভজনক ও টেকসই হয়ে উঠতে পারে।

