নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বড় শিল্পের কাঁচামালের ওপর ভ্যাট বাড়ানো হলে উৎপাদন খরচ বেড়ে যাবে, যার প্রভাব সরাসরি মূল্যস্ফীতিতে পড়বে। একই সঙ্গে নির্মাণসামগ্রীর ওপর বাড়তি ভ্যাট দেশের আবাসন ও নির্মাণ খাতে ব্যয় বৃদ্ধির কারণ হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
বিসিআই সভাপতির মতে, এবারের বাজেটে রাজস্ব আহরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু রাজস্ব আদায়ের ক্ষেত্রে পদ্ধতিগত সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা বাজেটে নেই। করপোরেট কর ও ব্যক্তি পর্যায়ের করের ওপর অতিমাত্রায় নির্ভর করা হয়েছে, অথচ করজাল সম্প্রসারণের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। তিনি মনে করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং কর্মসংস্থান বৃদ্ধি এই তিনটি লক্ষ্য বাজেটে নির্ধারিত থাকলেও তা বাস্তবায়ন সহজ হবে না।
প্রস্তাবিত বাজেটে বড় শিল্পের কাঁচামালের ওপর মূসক বৃদ্ধিকে কেন্দ্র করে তিনি প্রশ্ন তোলেন, “যেখানে পণ্যের উৎপাদন খরচ বাড়ছে, সেখানে মূল্যস্ফীতি কমবে কিভাবে?” তার মতে, বাজেটের বিভিন্ন দিক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সুপারিশ অনুসারে তৈরি করা হয়েছে। কিন্তু এই ধরনের আন্তর্জাতিক প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে গিয়ে দেশের শিল্প খাত হুমকির মুখে পড়বে। বর্তমানে জ্বালানি ব্যয়, ব্যাংকঋণের উচ্চ সুদের হার এবং পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় শিল্প খাত ইতোমধ্যেই চাপে রয়েছে। এর ওপর শুল্ক ও কর বাড়ানোয় প্রতিযোগিতামূলক অবস্থানে থাকা শিল্পগুলোও ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, রপ্তানিমুখী শিল্প বিশেষ করে গার্মেন্টস খাতের নগদ প্রণোদনা ধীরে ধীরে কমিয়ে আনা হচ্ছে, অথচ প্রণোদনার বিকল্প কোনো আর্থিক সহায়তা বাজেটে রাখা হয়নি। কটন সুতা ও ম্যান-মেইড ফাইবারে উৎপাদন পর্যায়ে প্রতি কেজিতে মূসক বাড়িয়ে পাঁচ টাকা করায় দেশীয় স্পিনিং মিলগুলো ক্ষতির মুখে পড়বে এবং দেশ আমদানিনির্ভর হয়ে পড়বে।
স্টিল ও সিমেন্টশিল্প নিয়েও বিসিআই সভাপতির উদ্বেগ প্রকাশ করেছেন। স্টিলশিল্পের কাঁচামালের ওপর কর ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং সিমেন্টের কাঁচামালে মূসক ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করায় নির্মাণ খাতে ব্যয় বাড়বে। একইসঙ্গে প্রস্তাবিত বাজেটে টার্নওভার কর ০.৬ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করায় বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প (সিএমএসএমই) খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। এই কর পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
বর্ধিত ভ্যাটের আওতায় এসেছে ই-কমার্স খাতও। ই-কমার্স উদ্যোক্তাদের বিক্রির ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করায় বিশেষ করে এসএমই পর্যায়ের উদ্যোক্তারা বড় ধাক্কা খাবে বলে মনে করেন বিসিআই সভাপতি। তার মতে, এই হার ৫ শতাংশে সীমিত রাখা উচিত।
তবে প্রস্তাবিত বাজেটে কিছু ইতিবাচক দিকও তুলে ধরেছেন আনোয়ার-উল আলম চৌধুরী। তরুণ উদ্যোক্তা গঠনের জন্য ১০০ কোটি এবং নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দকে তিনি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন। একই সঙ্গে এসএমই খাতকে ফরমাল অর্থনীতিতে অন্তর্ভুক্ত করা ও ডিজিটাল ঋণপ্রবাহ বৃদ্ধির উদ্যোগ বিসিআইয়ের প্রস্তাবের প্রতিফলন বলেও তিনি উল্লেখ করেন। এজন্য অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিসিআই সভাপতি।
সার্বিকভাবে বিসিআই সভাপতির মূল্যায়ন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব বাড়ানোর লক্ষ্যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা শিল্প ও ব্যবসায় খাতে চাপ সৃষ্টি করবে এবং এ চাপ সামাল দিতে হলে সরকারের উচিত বাজেট কাঠামোর কিছু দিক পুনর্বিবেচনা করা।

