ঈদুল আজহা উপলক্ষে দেশের উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ততম রুট ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। যাত্রী ও যানবাহনের এই বাড়তি চাপের প্রভাব পড়েছে যমুনা সেতু টোল আদায়েও। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা। একই সময়ে সেতু পার হয়েছে মোট ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন। বুধবার (৪ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে ১৭ হাজার ৬৫৭টি যানবাহন গিয়েছে উত্তরবঙ্গের দিকে, যাদের কাছ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৮৫০ টাকা। অপরদিকে, ঢাকাগামী যানবাহনের সংখ্যা ছিল ১৫ হাজার ৯০৭টি, এবং তাদের কাছ থেকে আদায় করা হয়েছে ১ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৫০ টাকা।
যদিও মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে, তবে কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। যানজট এড়াতে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর পাশাপাশি মোটরসাইকেলের জন্য আলাদা ৪টি টোল বুথ স্থাপন করা হয়েছে। পুরো টোল ব্যবস্থাপনা ও সেতু এলাকায় নিরবিচারে চলাচল নিশ্চিতে সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম বলেন, “ঈদকে কেন্দ্র করে মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কে রাতদিন ৬ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট হয়নি, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ প্রস্তুতিতে আছি।”
যাত্রাপথে মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে প্রশাসন ও সেতু কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টা যেন এবারের ঈদযাত্রাকে তুলনামূলক স্বস্তিদায়ক করে তুলেছে।

