চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পুলিশের জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির উপদেষ্টা কমিটি। প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে ৮৬ লাখ টাকা। সব মিলিয়ে প্রকল্পটির ব্যয় দাঁড়াবে ১৭২ কোটি টাকা।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এই কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রমে ব্যবহারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি (Direct Procurement Method – DPM) অনুসরণ করে এসব পিকআপ কেনা হবে।
সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে রাষ্ট্রায়ত্ত প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি মোট ১৭২ কোটি টাকায় পুলিশের জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ সরবরাহ করবে বলে অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
এই ক্রয় উদ্যোগ পুলিশের মাঠ পর্যায়ে কর্মক্ষমতা ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

