তীব্র সমালোচনার মুখে অবশেষে পুনরায় চালু হয়েছে পাবনার বেড়া উপজেলার কাজীরহাট থেকে মানিকগঞ্জের আরিচা পর্যন্ত স্পিডবোট চলাচল। আজ বুধবার সকাল ১০টা থেকে সরকার নির্ধারিত ২১০ টাকা ভাড়ায় স্পিডবোট পরিচালনা শুরু করেন মালিকেরা। ঈদযাত্রার সময় বাড়তি ভাড়ার দাবিতে একদিন আগেই এই নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ করে দেন তাঁরা, যা যাত্রীদের চরম দুর্ভোগের মুখে ফেলে।
কাজীরহাট-আরিচা স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রইজউদ্দিন জানান, যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সকালে মালিকদের নিয়ে বৈঠকে বসা হয়। সেখানে যাত্রীসাধারণের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়ে তারা স্পিডবোট চালু করার সিদ্ধান্ত নেন। তিনি আরও বলেন, ঈদের সময় একদিকে যাত্রী থাকলেও ফেরার পথে স্পিডবোটগুলো খালি ফিরতে হয়। এতে করে প্রতি ট্রিপে এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হয় মালিকদের। তবু যাত্রীসেবার কথা মাথায় রেখে লোকসান মেনেই চলাচল চালু রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নগরবাড়ি-কাজীরহাট ঘাট কার্যালয়ের পোর্ট অফিসার আবদুল ওয়াকিল জানান, স্পিডবোট চলাচল বন্ধের পর বিআইডব্লিউটিএ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মালিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। মালিকদের জানানো হয়, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে আদায় করার সুযোগ নেই। তাঁরা ৩০০ টাকা ভাড়া নির্ধারণের আবেদন করলেও তা অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে এবং এতে সময় লাগবে। এ অবস্থায় যাত্রীদের দুর্ভোগের বিষয়টি মালিকদের সামনে উপস্থাপন করা হলে তারা পুনরায় সরকার নির্ধারিত ভাড়ায় স্পিডবোট চালানোর সিদ্ধান্ত নেন।
বিআইডব্লিউটিএ এবং স্পিডবোট মালিকদের সূত্র অনুযায়ী, কাজীরহাট থেকে আরিচা পর্যন্ত নৌপথের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। দীর্ঘদিন ধরে এ পথে ২৫০ টাকা ভাড়া আদায় করা হচ্ছিল, যা দেশের অন্যান্য নৌপথের তুলনায় অনেক বেশি ছিল। এর প্রেক্ষিতে চলতি বছরের এপ্রিল মাসে সরকার নতুন প্রজ্ঞাপন জারি করে ভাড়া নির্ধারণ করে ২১০ টাকা। কিন্তু মালিকেরা শুরুতে সেটি মেনে না নিয়ে পূর্বের ২৫০ টাকাই আদায় করে আসছিলেন। গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে মালিকেরা পরে নির্ধারিত ভাড়ায় নেমে আসেন।
তবে মালিকেরা জানান, ঈদের বাড়তি যাত্রীচাপ সামাল দিতে এবং নিজেদের লোকসান পুষিয়ে নিতে তারা ১০ দিনের জন্য ৩০০ টাকা ভাড়া নির্ধারণের আবেদন করেছিলেন। সেই আবেদন অনুমোদিত না হওয়ায় গতকাল মঙ্গলবার থেকে তাঁরা স্পিডবোট চলাচল বন্ধ করে দেন। এতে করে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনার ভিত্তিতে বুধবার সকাল থেকে আবারও নির্ধারিত ভাড়ায় চলাচল শুরু হওয়ায় ঈদযাত্রায় কিছুটা স্বস্তি ফিরেছে ঘরমুখী যাত্রীদের মধ্যে।

