Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এক পলকে ২০২৫–২৬ বাজেটের মূল দিকগুলোর বিশ্লেষণ
    অর্থনীতি

    এক পলকে ২০২৫–২৬ বাজেটের মূল দিকগুলোর বিশ্লেষণ

    কাজি হেলালজুন 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দারিদ্র্য নয়, বৈষম্যই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষিত হয়েছে এমন এক সময় যখন দেশের অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, আর্থিক খাতের দুরবস্থা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার চাপে রয়েছে। এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার এবারের বাজেট প্রণয়ন করেছে।

    বাজেটটি স্থিতিশীলতা, সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ওপর জোর দিয়েছে। এমন বাস্তবতায় এই বছরের বাজেট কেবল সংখ্যার খেলা নয় বরং এটি একটি দিকনির্দেশক দলিল- যা দেখিয়ে দেয় সরকার জনগণের কোন চাহিদাকে কতটা গুরুত্ব দিচ্ছে এবং দেশের ভবিষ্যৎ পথরেখা কীভাবে রচিত হচ্ছে।

    এই বাজেটের মাধ্যমে জনগণ জানতে চায়- জীবনের মৌলিক চাহিদা, যেমন: শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা কতটা অগ্রাধিকার পাচ্ছে? দ্রব্যমূল্যের চাপ সামলাতে কতটা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে? আর ‘স্মার্ট বাংলাদেশ’- এর যে স্বপ্ন দেখানো হচ্ছে, তা বাস্তবায়নে বাজেটে কী দৃষ্টিভঙ্গি রাখা হয়েছে।

    বাজেটের আকার ও সামগ্রিক চিত্র: উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ের চাপ, আর্থিক খাতের অব্যবস্থাপনা এবং বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা- এই সব চ্যালেঞ্জকে মাথায় রেখে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫–২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করেছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাজেটটি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। যেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং ভবিষ্যতের উন্নয়নের ভিত্তি গড়ে তোলাই মূল লক্ষ্য।

    ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১২ দশমিক ৭ শতাংশ। এটি গত বছরের মূল বাজেটের তুলনায় প্রায় ৭ হাজার কোটি টাকা কম। যা সাম্প্রতিক অর্থনৈতিক বাস্তবতা, বিশ্ববাজারে অস্থিরতা, বৈদেশিক ঋণচাপ, রাজস্ব ঘাটতি এবং ডলার সংকট—বিবেচনায় এনে প্রস্তুত করা হয়েছে।

    এবারের বাজেট মূলতঃ চারটি বিষয়ে গুরুত্ব দিয়েছে:

    • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মুদ্রাস্ফীতি প্রশমন
    • দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ
    • মানবসম্পদ উন্নয়ন- বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অধিকতর বরাদ্দ
    • স্মার্ট বাংলাদেশ ২০৪১’ বাস্তবায়নের পথে প্রযুক্তি ও অবকাঠামোতে বিনিয়োগ

    সরকার আশা করছে এসব উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন অর্থনৈতিক স্থিতিশীলতা আনা যাবে, অন্যদিকে ডিজিটাল ও জ্ঞাননির্ভর অর্থনীতির ভিত্তিও শক্ত হবে। তবে বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায় বাড়ানো, বৈদেশিক সাহায্য নিশ্চিতকরণ এবং প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকছে।

    শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি কিন্তু এখনও চ্যালেঞ্জ পূর্ণ: ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৯৩৪ কোটি টাকা বেশি। এই বরাদ্দ মোট বাজেটের ১১ দশমিক ৯ শতাংশ এবং জিডিপির মাত্র ১ দশমিক ৭ শতাংশ- যা UNESCO-এর সুপারিশকৃত ৪-৬ শতাংশ জিডিপির তুলনায় অনেক কম। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনাতেও বাংলাদেশ এই খাতে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছে। উদাহরণ স্বরূপ-ভুটান শিক্ষা খাতে জিডিপির ৮ দশমিক ১৪ শতাংশ, মালদ্বীপ ৪ দশমিক ৫৮ শতাংশ এবং নেপাল ৩ দশমিক ৬৫ শতাংশ ব্যয় করে থাকে।

    বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৩ হাজার ৪১৬ কোটি টাকা কম। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য বরাদ্দ বাড়িয়ে ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা করা হয়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৩ হাজার ৪৫৫ কোটি টাকা বেশি। একইসঙ্গে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।

    শিক্ষা খাতে এই বিপুল বরাদ্দের একটি বড় অংশ ব্যয় হয় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানেই। এর বাইরে শিক্ষার গুণগত মান বৃদ্ধির ক্ষেত্রে যেসব খাতে বিনিয়োগ জরুরি, সেগুলোতে এখনো উল্লেখযোগ্য ঘাটতি রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজেটে বরাদ্দ বাড়লেও তা কতটুকু বাস্তবায়িত হচ্ছে সেটাই বড় প্রশ্ন। প্রতি বছর বরাদ্দের একটি অংশ অব্যবহৃত থেকে যায়। যার পেছনে কারণ হিসেবে দক্ষ জনবল সংকট, প্রকল্প বাস্তবায়নে জটিলতা এবং প্রশাসনিক দুর্বলতাকে দায়ী করা হয়।

    তবে ইতিবাচক দিক হচ্ছে- প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নয়নে সরকার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সারা দেশে ৫ হাজার ৯৪৬টি নতুন শ্রেণিকক্ষ নির্মাণ, ১৭ হাজার ১৬৪টি ওয়াশব্লক স্থাপন এবং ৪ হাজার ৪৫০টি টিউবওয়েল বসানো হয়েছে। চলতি শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৯ কোটি ২০ লাখ বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপবৃত্তি কর্মসূচির আওতায় শতভাগ প্রাথমিক শিক্ষার্থীকে ইএফটি পদ্ধতিতে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি” এর জন্য আগামী অর্থবছরে ২ হাজার ১৬৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ‘আউটকাম বেইজড এডুকেশন (OBE)’ পদ্ধতিতে হালনাগাদ করা হয়েছে। যাতে উচ্চশিক্ষাকে আধুনিক, সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা যায়। একই সঙ্গে কারিগরি শিক্ষায় এনরোলমেন্ট বা ভর্তির হার ২০২৫ সালের মধ্যে ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

    সবমিলিয়ে বলা যায়, বাজেটে বরাদ্দ বৃদ্ধির ধারা চলমান থাকলেও তা এখনও শিক্ষার মান উন্নয়নের জন্য যথেষ্ট নয়। কাঠামোগত ঘাটতি, শিক্ষক প্রশিক্ষণের সীমাবদ্ধতা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে ধীরগতি- এই খাতকে কাঙ্ক্ষিত অবস্থানে নিতে এখনো বড় বাঁধা হয়ে আছে। “স্মার্ট বাংলাদেশ” গঠনের জন্য মানবসম্পদ উন্নয়ন একান্ত প্রয়োজন, আর তা অর্জন করতে হলে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ ও গুণগত দিক- দুয়োটাই বাড়াতে হবে।

    স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লেও কাঙ্ক্ষিত উন্নয়নে ঘাটতি রয়ে গেছে: ২০২৫- ২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪১ হাজার ৯০৮ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৫০১ কোটি টাকা বেশি। যদিও টাকার অঙ্কে এটি একটি বৃদ্ধি কিন্তু সামগ্রিক স্বাস্থ্যসেবার পরিধি, জনসংখ্যার চাহিদা এবং বৈশ্বিক মানদণ্ডের তুলনায় এই বরাদ্দ এখনও পর্যাপ্ত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    স্বাস্থ্য খাতে বরাদ্দের একটি বড় অংশ ব্যয় হয় বেতন-ভাতা, ওষুধ ক্রয় এবং চলমান কার্যক্রমে। ফলে স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংগ্রহ এবং দক্ষ মানবসম্পদ তৈরির জন্য যে ধরনের বরাদ্দ প্রয়োজন- তা এখনও পর্যাপ্তভাবে বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। চলতি অর্থবছরে উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে অনেকখানি কাটছাঁট করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

    ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে ২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় সকল নাগরিককে আনার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন এবং জনবল ঘাটতি পূরণে। ইতোমধ্যে চিকিৎসক, সেবিকা, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগ কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতের শূন্য পদগুলো পূরণের পাশাপাশি নতুন পদ সৃষ্টি করে সেগুলো বাস্তবায়নের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

    দারিদ্র্যসীমার নিচে থাকা জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একইসঙ্গে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু রাখার জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    তবে স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের সমস্যা- যেমন: সরকারি হাসপাতালের সেবার মান, ওষুধের পর্যাপ্ততা, দুর্নীতি ও অব্যবস্থাপনা-এখনও বহাল রয়েছে। বরাদ্দ বাড়ানোর পাশাপাশি এই সমস্যাগুলোর সমাধানে কঠোর নজরদারি, জবাবদিহিতামূলক ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর সেবার প্রসার অপরিহার্য।

    সব মিলিয়ে স্বাস্থ্য খাতে বাজেটের অগ্রগতি কিছুটা হলেও দৃশ্যমান, তবে তা কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য যথেষ্ট নয়। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ একটি দেশে টেকসই ও সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি দক্ষ ব্যবস্থাপনা ও পরিকল্পনাভিত্তিক বাস্তবায়নই সবচেয়ে জরুরি।

    উন্নয়ন খাতে বরাদ্দ কমেছে, বাস্তবায়নে নতুন চ্যালেঞ্জ: চলতি বছরের এপ্রিল মাসে দেশের পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিক সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। সরকার আশা করছে অর্থবছর শেষে তা কমে ৮ শতাংশে নেমে আসবে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনও বাজেটের অন্যতম চ্যালেঞ্জ। এই লক্ষ্যে করভিত্তি সম্প্রসারণ, করহার পুনর্বিন্যাস, ভ্যাটের আওতা বাড়ানো এবং বিভিন্ন সরকারি সেবার মাশুল বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।

    বর্তমানে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ৮ শতাংশের নিচে, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক কম। নতুন বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশের মতো। এর মধ্যে এনবিআর নিয়ন্ত্রিত কর আদায়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা, এনবিআর-বহির্ভূত কর থেকে ১৯ হাজার কোটি এবং কর ব্যতীত আয় (এনটিআর) থেকে ৪৬ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৈদেশিক অনুদান থেকে ৫ হাজার কোটি টাকা পাওয়ার প্রত্যাশা করা হয়েছে।

    সব মিলিয়ে বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা মোট জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ২৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বিদায়ী অর্থবছরে এই ঘাটতি ছিল ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা বা জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ।

    এবারের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ, যা আগের অর্থবছরের ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে অনেক কম। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন: বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবির মতে এই প্রবৃদ্ধিও অর্জন করা কঠিন হতে পারে।

    উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে। এডিপির আকার কমিয়ে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ব্যয়ে যথাক্রমে ৩৪ শতাংশ ও ৫৯ শতাংশ কাটছাঁট করা হয়েছে। ফলে বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে এসব খাতে অবকাঠামো নির্মাণের পর তা চালু রাখতে প্রয়োজনীয় জনবল ও সক্ষমতার ঘাটতি থাকলে অর্থ অপচয় হওয়ার আশঙ্কা রয়েছে।

    ব্যক্তি শ্রেণির কর কাঠামোয় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনা হয়নি। বার্ষিক করমুক্ত আয়ের সীমা আগের মতো ৩ লাখ ৫০ হাজার টাকাই রাখা হয়েছে। তবে ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষের জন্য এই সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া ২০২৪ সালের ‘জুলাই গণঅভ্যুত্থানে’ আহত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

    সামাজিক নিরাপত্তা খাতেও কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় মাসিক ভাতা ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। উদাহরণ স্বরূপ- বয়স্ক ভাতা এখন ৬৫০ টাকা, বিধবা ভাতা ৬৫০ টাকা, প্রতিবন্ধী ভাতা ৯০০ টাকা এবং মা ও শিশু সহায়তা ভাতা ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর জনগোষ্ঠীর ভাতাও বাড়িয়ে ৬৫০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

    একইসঙ্গে বাজেটে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং এলডিসি উত্তরণের প্রস্তুতি গ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে ফ্ল্যাট কেনায় অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগ করে বৈধ করার সুযোগ এবারের বাজেটেও বহাল রাখা হয়েছে। যা নৈতিক বিতর্কের জন্ম দিলেও বাস্তবিক রাজস্ব আহরণে কিছুটা সহায়ক হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

    সব মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটটি সংকটের মধ্যেও স্থিতিশীলতা ধরে রাখার প্রচেষ্টা। তবে প্রস্তাবনা বাস্তবায়ন ও দক্ষতার সঙ্গে খাতভিত্তিক বরাদ্দ ব্যবহারে যথাযথ নজরদারি ও রাজনৈতিক সদিচ্ছাই নির্ধারণ করবে এর সফলতা।

    আন্তর্জাতিক সহায়তায় টেকসই উন্নয়নের জন্য সম্ভাবনার দ্বার: বাংলাদেশের উন্নয়ন যাত্রায় আন্তর্জাতিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সময়ে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর প্রতিশ্রুতি ও অর্থায়ন ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য নতুন আশার আলো জ্বেলেছে।

    জাপান সরকার বাংলাদেশকে মোট ১ হাজার ৬৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে। যার মধ্যে ৪১৮ মিলিয়ন ডলার অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য এবং ৪ দশমিক ২ মিলিয়ন ডলার উচ্চশিক্ষায় শিক্ষাবৃত্তি প্রদানে বরাদ্দ রয়েছে। এছাড়াও ৬৪১ মিলিয়ন ডলার রেলওয়ে আধুনিকায়নে ব্যয় করা হবে। এই সহায়তা দুই দেশের দীর্ঘস্থায়ী কৌশলগত সম্পর্কের প্রতিফলন।

    বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য ১ দশমিক ১৬ বিলিয়ন ডলারের তিনটি প্রকল্প অনুমোদন করেছে। যার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়ন, ৩৭৯ মিলিয়ন ডলার স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতে এবং ২৮০ মিলিয়ন ডলার চট্টগ্রামের পানি সরবরাহ উন্নয়নে বরাদ্দ করা হয়েছে।

    এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) বাংলাদেশের কাঠামোগত সংস্কার সমর্থনে ৬০০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে। যা ঘরোয়া সম্পদ সংগ্রহ, সরকারি বিনিয়োগ দক্ষতা, বেসরকারি খাতের প্রবৃদ্ধি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার এবং স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়তা করবে ।

    তবে এই সহায়তাগুলো নির্ধারিত শর্ত পূরণের ওপর নির্ভরশীল। বিশ্বব্যাংক, ADB এবং জাপান সরকারের প্রতিশ্রুত বাজেট সহায়তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। কারণ সরকার নির্ধারিত সংস্কারগুলো এখনো সম্পূর্ণ করতে পারেনি।

    সবমিলিয়ে এই আন্তর্জাতিক সহায়তা বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, আর্থিক খাতের স্বচ্ছতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল ও টেকসই অর্থনৈতিক ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকার যদি যথাযথ পরিকল্পনা ও জবাবদিহির মাধ্যমে এসব তহবিল কাজে লাগাতে পারে, তবে তা দেশের জন্য নতুন উন্নয়ন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

    ২০২৫-২৬ সালের বাজেট দেশকে অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের পথে নিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশক। যদিও কিছু খাতে বরাদ্দ বৃদ্ধি পেলেও এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, বিশেষ করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও মানবসম্পদ উন্নয়নে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংগ্রহ বাড়ানো এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশের আর্থিক সক্ষমতা জোরদার করাই বাজেটের মূল লক্ষ্য। সফল বাস্তবায়ন হলে এটি দেশের ভবিষ্যত প্রজন্মের জন্য শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলবে এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে। তাই এখন সময় এসেছে এই বাজেটকে সঠিকভাবে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নের সোপান দৃঢ় করার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.