গত বছরের তুলনায় বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে ১০ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সম্প্রতি এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয়েছে ৪৭৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি।
তিনি আরও বলেন, চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ১১ মাসে মোট রপ্তানি হয়েছে প্রায় ৪৫ বিলিয়ন বা সাড়ে চার হাজার কোটি ডলারের পণ্য। আগের অর্থবছরের (২০২৩-২৪) প্রথম ১১ মাসে এই পরিমাণ ছিল ৪০৮৫ কোটি ডলার। সে হিসাবে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশেরও বেশি।
আসিফ মাহমুদ উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের রপ্তানি খাতে এই অগ্রগতি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যও এই প্রবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে।

