ধান উৎপাদনে টেকসই ও স্বল্প-কার্বন নির্গমনভিত্তিক পদ্ধতির প্রসারে একটি নতুন ও গুরুত্বপূর্ণ উদ্যোগ চালু করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং কনসাল্টেটিভ গ্রুপ অন ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ (সিজিআইএআর)। গেটস ফাউন্ডেশনের সহায়তায় নেওয়া এই উদ্যোগের লক্ষ্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লাখো দরিদ্র ও ঝুঁকিপূর্ণ কৃষকের জীবনমান উন্নত করা।
সোমবার, ম্যানিলাভিত্তিক এডিবির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। প্রথম পর্যায়ে বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, কম্বোডিয়া এবং চীনে প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সিজিআইএআর একটি বৈশ্বিক গবেষণা অংশীদারিত্ব, যা কৃষিভিত্তিক উদ্ভাবন এবং গবেষণার মাধ্যমে দারিদ্র্য হ্রাস, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় কাজ করে। জলবায়ু সংকটের মধ্যেও খাদ্য, ভূমি ও পানি ব্যবস্থার রূপান্তর ঘটানোই এই জোটের মূল লক্ষ্য। এতে বিভিন্ন দেশের সরকার, উন্নয়ন সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠান অংশীদার হিসেবে কাজ করছে।
এডিবি জানিয়েছে, এশিয়া অঞ্চলে চাল শুধু একটি প্রধান খাদ্যপণ্য নয়, এটি কোটি কোটি মানুষের জীবিকার মূল উৎস। এই অঞ্চলের প্রতিদিনকার খাদ্যের অর্ধেকের বেশি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্যালরির প্রায় অর্ধেকই আসে চাল থেকে। কিন্তু বর্তমানে এই খাতটি চ্যালেঞ্জের মুখোমুখি। জলবায়ু পরিবর্তন, উৎপাদন হ্রাস, পানি সংকট এবং গ্রিনহাউস গ্যাস নির্গমনের মতো পরিবেশগত সমস্যা ধান চাষকে হুমকির মুখে ফেলছে। এসব সমস্যার সমাধান না হলে খাদ্য নিরাপত্তা বিপন্ন হবে, একই সঙ্গে প্রভাবিত হবে গ্রামীণ দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী।
এডিবির ভাইস প্রেসিডেন্ট (সেক্টর ও থিম) ফাতিমা ইয়াসমিন বলেন, “চাল এশিয়ার খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল খাদ্য নয়, কোটি কোটি কৃষকের জীবিকার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বর্তমানে এই জীবিকা চরম আবহাওয়া ও পরিবেশগত অবনতির কারণে সংকটে পড়েছে।” তিনি আরও বলেন, নতুন এ উদ্যোগের মাধ্যমে সহনশীল ও উচ্চ ফলনশীল কৃষি প্রযুক্তি গ্রহণ, পানি ব্যবহারের টেকসই পদ্ধতি চালু, অন্তর্ভুক্তিমূলক মূল্য শৃঙ্খল গড়ে তোলা এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য পুষ্টির মানোন্নয়ন নিশ্চিত করা যাবে।
এডিবি আরও জানায়, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে তারা এই কর্মসূচিতে সর্বোচ্চ ১৫০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ হাজার কোটি টাকা) বিনিয়োগ করবে। এই বিনিয়োগের মূল লক্ষ্য হচ্ছে টেকসই উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে কৃষিকে খাপ খাওয়াতে সহায়তা করা এবং পানি ও কার্বন নির্গমনের প্রভাব হ্রাস করা। এই পদক্ষেপটি মে মাসে ঘোষিত ২০৩০ সালের মধ্যে খাদ্য ব্যবস্থার রূপান্তরের জন্য এডিবির ৪ হাজার কোটি ডলারের বৃহৎ প্রতিশ্রুতির অংশ।
এই উদ্যোগ প্রসঙ্গে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়ভোন পিন্টো বলেন, “এই যৌথ কার্যক্রম এডিবি ও সিজিআইএআরের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। ধানসহ অন্যান্য ক্ষেত্রেও উদ্ভাবন বিস্তারে এটি সহায়ক হবে। এডিবি ও গেটস ফাউন্ডেশনের মতো শক্তিশালী অংশীদারদের সঙ্গে আমরা এশিয়ায় টেকসই ও সহনশীল ধান উৎপাদনের পথ তৈরি করতে পারি, যা লাখ লাখ কৃষকের জীবন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এই যৌথ উদ্যোগ শুধু ধান উৎপাদনের একটি টেকসই মডেল গড়ার চেষ্টাই নয়, বরং এটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৃষিনির্ভর মানুষের জন্য একটি নতুন আশার আলোও হয়ে উঠতে পারে।

