পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যেও নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) ঢাকা, চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোর নির্দিষ্ট অথরাইজড ডিলার (এডি) শাখা খোলা থাকবে।
কোন সময় খোলা থাকবে?
অফিস সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা
লেনদেন চলবে: সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত
এই সময়সূচিতে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে যাতে করে ওষুধ শিল্পসহ আমদানি-রপ্তানিমুখী ব্যবসা, বৈদেশিক লেনদেন এবং জরুরি ব্যাংকিং সেবা বিঘ্নিত না হয়।
বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন’ (ডিওএস) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
ঈদের ছুটির দিনেও যারা দায়িত্ব পালন করবেন, তাদেরকে সরকারি বিধি অনুযায়ী ভাতা ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী, জনস্বার্থে। নির্দেশনাটি ইতোমধ্যেই দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

