এ বছর ঈদুল আজহায় সারাদেশে কোরবানির পশুর সংখ্যা ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি, যা গত বছরের তুলনায় প্রায় ৯ লাখ কম। ২০২৪ সালে ঈদুল আজহায় কোরবানি দেওয়া হয়েছিল ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮টি পশু। ফলে এবার পশু কোরবানির সংখ্যা কমলেও, উৎপাদনের পরিমাণ ছিল তুলনামূলক বেশি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোরবানির পশুগুলোর মধ্যে গরু ও মহিষ ছিল ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি, ছাগল ও ভেড়া ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি এবং অন্যান্য প্রাণি ছিল মাত্র ৯৬০টি। সবচেয়ে বেশি কোরবানির পশু ছিল গরু ও ছাগল।
এ বছর বাজারে অবিক্রীত থেকে যাওয়া কোরবানির পশুর সংখ্যা ছিল ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি। প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্যাখ্যায় জানা গেছে, পশু উৎপাদন বেশি হওয়ায় এ সংখ্যা অস্বাভাবিক নয়। সংস্থাটি জানিয়েছে, এসব পশু সামনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা যাবে।
দেশে কোরবানির পশুর সংখ্যা নির্ধারণ করে থাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাণিসম্পদ অধিদপ্তর। হিসাব প্রণয়নে তারা দৈবচয়ন পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ করে। দেশের প্রতিটি উপজেলা থেকে তিনটি গ্রাম—ছোট, মাঝারি ও বড়—নির্বাচন করে অন্তত ১ শতাংশ নমুনা ভিত্তিক তথ্য নিয়ে তারা এই হিসাব করেছে।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, এবার সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে, মোট ২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি। এরপর রয়েছে ঢাকা বিভাগ, যেখানে কোরবানির পশু ছিল ২১ লাখ ৮৫ হাজার ৪০টি। চট্টগ্রাম বিভাগে কোরবানি হয়েছে ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২টি, খুলনায় ৮ লাখ ৪ হাজার ২২৪টি, রংপুরে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯টি, বরিশালে ৪ লাখ ৭৮৩টি।
অন্যদিকে, সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে, যেখানে সংখ্যা ছিল মাত্র ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি। দ্বিতীয় সর্বনিম্ন ছিল ময়মনসিংহ বিভাগে, ৩ লাখ ৮৩ হাজার ১৬২টি।
গত বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছিল ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম হয়েছিল ময়মনসিংহে। তবে এবার রাজশাহী বিভাগে সর্বাধিক কোরবানির রেকর্ড হয়েছে, যা অঞ্চলভেদে পশু সরবরাহ ও চাহিদার পার্থক্য তুলে ধরে।
এ প্রতিবেদন দেশের কোরবানির পশু বাজার, উৎপাদন ও ভোক্তা চাহিদার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে।

