দেশের পণ্য রপ্তানি আয় এবং প্রবাসী আয় বা রেমিট্যান্স বৃদ্ধির ফলে বৈদেশিক লেনদেনের ঘাটতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশের মোট বৈদেশিক লেনদেনের ঘাটতি কমে দাঁড়িয়েছে ৬৬ কোটি মার্কিন ডলারে। অথচ মাত্র এক মাস আগেও এই ঘাটতির পরিমাণ ছিল ১০৭ কোটি ডলার।
গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবারের ঘাটতির পরিমাণ অনেক কম। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৫৫৭ কোটি ডলার। আর ২০২২-২৩ অর্থবছরের পুরো সময়জুড়ে এই ঘাটতির পরিমাণ ছিল আরও বেশি, ৮২২ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৯ মে পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৮০ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এই রিজার্ভ ছিল ২৪.২২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অনুমোদিত হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২০.৫৭ বিলিয়ন ডলারে, যা এক বছর আগে ছিল ১৮.৭২ বিলিয়ন ডলার। অর্থাৎ, এই সময়ে ব্যবহারের উপযোগী রিজার্ভ বেড়েছে প্রায় ১৮৫ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশের পণ্য রপ্তানি থেকে অর্জিত হয়েছে ৩ হাজার ৬৫৭ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮.৬১ শতাংশ বেশি। একই সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৪ কোটি ডলারে, যা আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেশি আয়।
চলতি হিসাবের দিক থেকে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের শেষদিকে এর ঘাটতি ছিল ৬৬১ কোটি ডলার। তার আগের বছর এই ঘাটতি ছিল ১ হাজার ১৬৩ কোটি ডলার। তবে বর্তমান ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে এই ঘাটতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে ১৩৯ কোটি ডলারে নেমে এসেছে।
চলতি হিসাব সাধারণত দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন, যেমন পণ্য আমদানি-রপ্তানি, সেবা, আয়ের আদান-প্রদান এবং রেমিট্যান্স ইত্যাদি দিয়ে পরিমাপ করা হয়। চলতি হিসাব উদ্বৃত্ত থাকলে বৈদেশিক ঋণের প্রয়োজন পড়ে না, আর ঘাটতি থাকলে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে বৈদেশিক উৎস থেকে ঋণ নিতে হয়। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে আমদানি খাতে কিছুটা বৃদ্ধি থাকলেও পণ্য রপ্তানি ও রেমিট্যান্স আয়ে উচ্চ প্রবৃদ্ধির কারণে সামগ্রিক ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
অন্যদিকে আর্থিক হিসাবেও দেখা গেছে ইতিবাচক পরিবর্তন। ২০২৩-২৪ অর্থবছর শেষে আর্থিক হিসাবে উদ্বৃত্ত ছিল ৪৫৪ কোটি ডলার, যা আগের বছর ছিল ৬৮৯ কোটি ডলার। যদিও ২০২৪-২৫ অর্থবছরের শুরুটা ঘাটতি দিয়ে হলেও, ১০ মাস শেষে এই হিসাবে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১৯৬ কোটি ডলারে।
দেশে আন্তর্জাতিক সম্পদের মালিকানা হ্রাস-বৃদ্ধির বিষয়টি পরিমাপ করা হয় আর্থিক হিসাবের মাধ্যমে। সাধারণত এই হিসাবে ঘাটতি তৈরি হলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তথা মজুত ও বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওপর চাপ বৃদ্ধি পায়।

