যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ এবং যুক্তরাজ্যভিত্তিক উড়োজাহাজ সেবাদানকারী প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতে এয়ারবাসের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশকে তারা তাদের অগ্রাধিকার তালিকায় রেখেছে। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলে প্রতিষ্ঠানটিকে লাভজনক করার বিষয়ে তারা আগ্রহী। ওয়াউটার ভ্যান ওয়ার্শ বলেন, বাংলাদেশ যদি তার বিমান বহরে এয়ারবাস সংযোজনের সিদ্ধান্ত নেয়, তাহলে সে ক্ষেত্রে মোট অর্থায়নের ৮৫ শতাংশ এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি ফিন্যান্সিংয়ের মাধ্যমে সহায়তা করা সম্ভব হবে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাদের প্রস্তাব শুনে জানান, বাংলাদেশ বিমান বহর আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রস্তাব শুনতে আগ্রহী। তবে সিদ্ধান্ত গ্রহণে কোনো তাড়াহুড়া করা হবে না। তিনি বলেন, “আমি জানতে আগ্রহী, কী করা যায়, কী করা উচিত। আমরা আপনাদের কথা শুনব। কিন্তু দ্রুত কোনো সিদ্ধান্ত আশা করবেন না। আমাদের সবকিছু নতুনভাবে পর্যালোচনা করতে হবে।”
অন্যদিকে, মেনজিস এভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং ও এয়ার কার্গো সেবা প্রদানে অংশ নিতে প্রস্তুত রয়েছে। বর্তমানে তারা ৬৫টিরও বেশি দেশে ৩০০টির বেশি বিমানবন্দরে এই ধরনের সেবা প্রদান করছে। মেনজিসের ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি জানান, তাদের লক্ষ্য শুধু জাতীয় বিমান সংস্থাকে নয়, বাংলাদেশের বিমানবন্দর অবকাঠামোকেও সহায়তা প্রদান করা।
তিনি আরও বলেন, মেনজিস যদি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পায়, তাহলে ঢাকাকে একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ হাব হিসেবে গড়ে তোলা হবে। প্রতিষ্ঠানটি তার বিশ্বব্যাপী ৬৫ হাজার কর্মীর প্রশিক্ষণের জন্য এখানেই একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। তিনি বলেন, “আমরা একটি প্রতিষ্ঠিত ব্রিটিশ প্রতিষ্ঠান এবং আমরা আমাদের সহায়তা প্রদান করতে প্রস্তুত।”
এই সাক্ষাৎ এবং আলোচনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, এয়ারবাস ও মেনজিস এভিয়েশন বাংলাদেশের বিমান খাতে বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে আগ্রহী। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সব প্রস্তাব বিবেচনা করা হবে।

