দেশের সবচেয়ে গরিব ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশের সমপরিমাণ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে চলে যায়। অন্যদিকে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এ হার মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ ধনীদের চেয়ে গরিবদের আয়ের তুলনায় ভ্যাটের বোঝা প্রায় সাত গুণ বেশি। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে।
ফ্রেডরিখ এবার্ট স্টিফটুংয়ের (এফইএস) সহায়তায় ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্সেস’ শীর্ষক এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক। গত শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, পলিসি ইনস্টিটিউটের চেয়ারম্যান জায়েদী সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়মা হক বিদিশা ও ইআরএফের সভাপতি দৌলত আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গবেষণায় দেখা যায়, ধনীদের ক্ষেত্রে ভ্যাটের বোঝা যেমন কম, তেমনি আয়কর ও সম্পদের বণ্টনেও রয়েছে বড় বৈষম্য। সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার আয়কর হিসেবে দেয় আয়ের মাত্র ১ দশমিক শূন্য ৩ শতাংশ। আর সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে দেশের মোট ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ। শীর্ষ ১০ শতাংশ পরিবারের হাতে আছে সম্পদের ৭৬ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম সম্পদ থাকা অর্ধেক পরিবারের হাতে আছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ সম্পদ। শহরাঞ্চলে সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে সেখানকার মোট ব্যক্তিগত সম্পদের ৫৩ শতাংশের বেশি। জমি, বাড়ি ও আর্থিক সম্পদের আনুমানিক মূল্য থেকে ঋণ বাদ দিয়ে নিট সম্পদের হিসাব করেছেন গবেষকেরা।
র্যাপিডের গবেষণা অনুযায়ী, ভোক্তারা ভ্যাটের বোঝা বহন করলেও তার পুরোটা সরকারি কোষাগারে পৌঁছায় না। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ভ্যাট সংগ্রহ করে সরকারের কাছে জমা দেওয়ার দায়িত্ব পালন করে। কিন্তু অপর্যাপ্ত নিবন্ধন, বিক্রয়ের তথ্য গোপন এবং যথাযথভাবে ভ্যাট জমা না দেওয়ার কারণে রাজস্ব ফাঁকির সুযোগ তৈরি হয়।
ব্যক্তি আয়করের সম্ভাব্য রাজস্ব মূলত উচ্চ আয়ের পরিবারগুলোর মধ্যে কেন্দ্রীভূত। সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। অথচ আয়কর নিবন্ধিত সক্রিয় করদাতার সংখ্যা অত্যন্ত কম। মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ ব্যক্তি সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। করদাতা শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএনধারী) মধ্যেও রিটার্ন জমা দেওয়ার হার সীমিত। ব্যক্তি ও অন্যান্য শ্রেণির ক্ষেত্রে এই হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং কোম্পানির ক্ষেত্রে ২৩ দশমিক ৬ শতাংশ। এভাবে অনেক করযোগ্য আয় কার্যকর করব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।
এ বিষয়ে র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং জনগণ তাদের দেওয়া করের বিনিময়ে কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছেন, সেসব বিষয়েও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
গবেষণায় রাজস্ব খাত নিয়ে সাতটি সুপারিশ করা হয়েছে। এগুলো হলো উচ্চ আয়ের জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে আয়করভিত্তি সম্প্রসারণ; ভ্যাটের হার বাড়ানোর পরিবর্তে আদায়ের দক্ষতা ও পরিপালন উন্নত করা; করপোরেট করছাড় ও বিশেষ সুবিধার যৌক্তিকতা পুনর্মূল্যায়ন; সম্পদের ব্যাপক কেন্দ্রীভবনের প্রেক্ষাপটে উত্তরাধিকার কর প্রবর্তনের গুরুত্বের সঙ্গে বিবেচনা; রাজস্ব আহরণের নামে জবরদস্তিমূলক ব্যবস্থা ও করদাতাদের হয়রানি সম্পূর্ণভাবে পরিহার; করের আওতা সম্প্রসারণে স্থানীয় জনগোষ্ঠী ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করা; এবং কর প্রশাসনের আধুনিকায়নের পাশাপাশি সরকারি ব্যয়ের গুণগত মান উন্নত করা।

