দেশে ব্যবসা-বাণিজ্যে চলছে চরম স্থবিরতা। ডলার সংকট, জ্বালানি ও বিদ্যুৎ ঘাটতি, রাজনৈতিক অনিশ্চয়তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্যোক্তাদের আস্থার অভাব এর বড় কারণ। তবে বিশেষজ্ঞদের মতে, এই স্থবিরতার পেছনে সবচেয়ে বড় বাধা ঋণের উচ্চ সুদহার।
বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতির ফলে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে গেছে। এতে পুরোনো ব্যবসা সম্প্রসারণ থেমে আছে, নতুন বিনিয়োগও কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ৭.৫০ শতাংশ, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.৪০ শতাংশ কম। ওই মাসে ঋণ বিতরণ হয়েছে ১৭ লাখ ২১ হাজার ৮২২ কোটি টাকা। মার্চে এই অঙ্ক ছিল ১৭ লাখ ১৯ হাজার ৫১২ কোটি টাকা।
তার আগের মাস মার্চে প্রবৃদ্ধি ছিল ৭.৫৭ শতাংশ, ফেব্রুয়ারিতে ৬.৮২ শতাংশ এবং জানুয়ারিতে ৭.১৫ শতাংশ। ২০২১ সালের মে মাসে কোভিড পরিস্থিতির মধ্যে এই হার নেমেছিল ৭.৫৫ শতাংশে।
শিল্প উদ্যোক্তারা বলছেন, সুদের উচ্চ হার ও বিনিয়োগ অনিশ্চয়তায় ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। কর্মসংস্থান হ্রাস পাচ্ছে, চাকরি হারাচ্ছেন অনেকেই।
অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘বিনিয়োগ না হলে কর্মসংস্থান কমবে, দারিদ্র্য দূরীকরণে প্রভাব পড়বে।’
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক এমডি আনিস এ খান বলেন, ‘রাজনৈতিক অনিশ্চয়তা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীল নীতির অভাবে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইছেন না।’
বর্তমানে ব্যাংকগুলো ১৪ থেকে ১৬ শতাংশ সুদে ঋণ দিচ্ছে। এর বিপরীতে মূল্যস্ফীতি রয়েছে ৯ শতাংশের ওপরে। ফলে ব্যাংকগুলো আমানত পাচ্ছে না, আবার উচ্চ সুদে ঋণ নিতে পারছেন না ব্যবসায়ীরাও।
বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতিতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১০ শতাংশ থেকে কমিয়ে ৯.৮০ শতাংশ নির্ধারণ করেছে। ব্যাংকারদের মতে, উদ্যোক্তারা নতুন কারখানা স্থাপন বা ব্যবসা সম্প্রসারণে না যাওয়ায় বড় অঙ্কের ঋণ বিতরণ হচ্ছে না। এতে আমদানি কমছে মূলধনী যন্ত্রপাতির।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য খোলা ঋণপত্রের পরিমাণ ছিল ১৪১ কোটি ৯১ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৯৫ কোটি ৬২ লাখ ডলার—কমেছে ২৭.৪৬ শতাংশ।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘বেসরকারি খাতের ঋণপ্রবাহ উদ্বেগজনক হারে কমেছে। শিল্পের নিরাপত্তা ও অবিচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে এই ধারা চলতে থাকবে।’
তিনি আরও বলেন, ‘ঋণের প্রবাহ দ্বিগুণ করা, মন্দ ঋণ কমানো, আর্থিক খাতে সুশাসন আনা ও সুদহার হ্রাস করা এখন সময়ের দাবি।’
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘গ্যাস সরবরাহের ঘাটতি, মূল্যস্ফীতি এবং রাজনৈতিক অস্থিরতা—সব মিলিয়ে ব্যবসায়ীরা অপেক্ষারত অবস্থায় আছেন। উচ্চ সুদে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘মূল্যস্ফীতি না কমা পর্যন্ত নীতিসুদের হার ১০ শতাংশই থাকবে। ব্যবসায়ীদের চাপের কারণে সুদহার কমানো হবে না।’
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অন্তর্বর্তী সরকার ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১ লাখ ৪ হাজার কোটি টাকা। যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার (৯৯ হাজার কোটি) তুলনায় ৫ শতাংশ বেশি।
ব্যবসায়ীরা বলছেন, বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকনির্ভরতা বাড়লে বেসরকারি খাতের জন্য ঋণ সংকুচিত হবে। বিনিয়োগ ও কর্মসংস্থানে এর নেতিবাচক প্রভাব পড়বে।
বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘বর্তমানে দেশের অন্তর্বর্তী সরকার থাকায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত অনেকেই অপেক্ষা করছেন।’
তিনি বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন ও বৈধ সরকারের মাধ্যমে অর্থনীতির স্থবিরতা কাটবে। বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান হবে এবং ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে।’

