এ বছরের কোরবানির ঈদে ধানমন্ডির ঐতিহ্যবাহী তাকওয়া মসজিদে সংগৃহীত পশুর চামড়া স্থানীয় টেন্ডারে রেকর্ড দামে বিক্রি হয়েছে। প্রতি গরুর চামড়া ১,৩৭২ টাকায় বিক্রি হয়, যা সরকারি নির্ধারিত মূল্য ১,৩৫০ টাকার চেয়ে ২২ টাকা বেশি।
তাকওয়া মসজিদ সোসাইটির উদ্যোগে আয়োজিত এই টেন্ডারে মোট ৮৫৩টি চামড়া বিক্রি হয়। প্রাপ্ত অর্থ মসজিদের যাকাত ফান্ডে জমা হবে, যা এতিম ও দুঃস্থ মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
গত ১১ জুন (বুধবার) বিকেলে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত টেন্ডারে অংশ নেয় স্থানীয় পাঁচটি চামড়া ক্রেতা প্রতিষ্ঠান। সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয় ইমেক্স লেদার লিমিটেড। টেন্ডারের মাধ্যমে এভাবে চামড়া বিক্রি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক স্বচ্ছতা ও দক্ষতার একটি ইতিবাচক নজির তৈরি করেছে।
তাকওয়া মসজিদ সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসান সহিদ সিদ্দিকী বলেন, “চামড়ার মূল্য বৃদ্ধি আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। প্রাপ্ত অর্থ মসজিদের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে ব্যয় করা হবে। এতে মসজিদের ভূমিকা আরও বিস্তৃত হবে।”
তিনি আরও বলেন, “যেভাবে আমরা এ বছর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করেছি, তা অন্যান্য মসজিদ ও মাদরাসাগুলোর জন্য অনুসরণযোগ্য মডেল হতে পারে। যদি কেউ সহযোগিতা চায়, আমরা ভবিষ্যতে সহায়তা করতে প্রস্তুত, ইনশাআল্লাহ।”
স্থানীয় চামড়াশিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই টেন্ডারকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের মতে, এটি শুধু একটি আর্থিক সাফল্য নয়, বরং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আয় বাড়ানোর একটি কার্যকর ও অনুকরণীয় উদাহরণ।
তাকওয়া মসজিদের এই উদ্যোগ প্রমাণ করে, সুপরিকল্পিত ব্যবস্থাপনায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক সম্ভাবনা এবং সমাজকল্যাণে তাদের ভূমিকা আরও বিস্তৃত হতে পারে।

