বিদেশে অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আর্থিক সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে গঠিত নতুন প্রশাসন দেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধারে যে উদ্যোগ নিয়েছে, তার অংশ হিসেবেই এই সমঝোতার বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে।
এই কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, অপেক্ষাকৃত কম গুরুতর মামলাগুলোর ক্ষেত্রে আর্থিক সমঝোতা হতে পারে ‘অন্যতম বিকল্প’।
আহসান এইচ মনসুর জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও রাজনৈতিক প্রভাবশালীদের কাছ থেকে অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে ভবিষ্যৎ আন্তর্জাতিক মামলার জন্য বাংলাদেশ ব্যাংক ১০ কোটি ডলার পর্যন্ত অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে।
গত আগস্টে ছাত্র ও জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকার অভিযোগ করেছে, বিগত সরকারের ঘনিষ্ঠরা দেশ থেকে বহু বিলিয়ন ডলার পাচার করেছেন। এই প্রেক্ষাপটেই সরকারের বর্তমান লক্ষ্য পাচার হওয়া সেই অর্থ শনাক্ত ও পুনরুদ্ধার করা।
গভর্নর মনসুর বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নেয়া পদক্ষেপ তাদের আইন লঙ্ঘনের প্রকৃতির উপর নির্ভর করবে। যদি কারও অপরাধ তুলনামূলকভাবে হালকা হয়, তাহলে দেওয়ানি মামলা করা হতে পারে এবং সেই প্রক্রিয়ায় আর্থিক সমঝোতা বিবেচনায় নেয়া হবে। তবে কারা এই সমঝোতার আওতায় আসতে পারেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি।
বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইতোমধ্যে শেখ হাসিনার পরিবারসহ বিগত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ১১টি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি কিছু অভ্যন্তরীণ ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে।
এছাড়া বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শেখ হাসিনার ১৫ বছর মেয়াদের শাসনামলে দেশ থেকে পাচার হওয়া সম্পদ ফেরত আনতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই লক্ষ্যে ইউনূস সম্প্রতি যুক্তরাজ্য সফর করেন এবং সে দেশের সরকারের কাছে আরও কার্যকর সহযোগিতা কামনা করেন।
ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, “এটা চুরি হওয়া অর্থ। এটি শুধু আইনগতভাবে নয়, বরং নৈতিক দিক থেকেও যুক্তরাজ্য সরকারের এই অর্থ শনাক্ত করতে সহায়তা করা উচিত।”
প্রসঙ্গত, গত ডিসেম্বরে সরকারের তত্ত্বাবধানে প্রকাশিত একটি অর্থনৈতিক শ্বেতপত্রে উল্লেখ করা হয়, শেখ হাসিনার শাসনামলে আনুমানিক ২৩৪ বিলিয়ন ডলার (প্রায় ২৩ হাজার ৪০০ কোটি ডলার) বিদেশে পাচার হয়েছে।
আহসান এইচ মনসুরসহ সরকারের একাধিক কর্মকর্তা দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা ব্যাংকের পরিচালনা পর্ষদ দখল করে জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ এবং সরকারি অবকাঠামো প্রকল্পের বরাদ্দ আত্মসাৎ করে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন।
এই পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মামলার খরচ বহনের ক্ষেত্রে বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর সহায়তা নিচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো মামলার খরচ যেমন—আইনজীবীর পারিশ্রমিক, আদালতের ব্যয় ইত্যাদি বহন করে এবং বিনিময়ে মামলায় সফল হলে নির্ধারিত অংশ আদায় করে নেয়।
গভর্নর মনসুর বলেন, “আমরা লিটিগেশন ফান্ডিংয়ের দিকে নজর দিচ্ছি এবং এ বিষয়ে ইতিবাচক সাড়া পাচ্ছি। আমাদের লক্ষ্য, যতটা সম্ভব এই উৎস থেকে অর্থ সংগ্রহ করা।”
অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক লিটিগেশন ফান্ডিং প্রতিষ্ঠান অমনি ব্রিজওয়ে জানিয়েছে, তাদের শীর্ষ কর্মকর্তারা চলতি বছরের প্রথমার্ধে ঢাকা সফর করেছেন এবং গভর্নর মনসুরসহ দেশের ১৬টির বেশি ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে একাধিক বৈঠক করেছেন।
অমনি ব্রিজওয়ের এনফোর্সমেন্ট বিভাগের ব্যবস্থাপনা পরিচালক উইগার উইলিঙ্গা বলেন, “বিদেশে অবৈধভাবে পাচার হওয়া অর্থ এবং খেলাপি ঋণ পুনরুদ্ধারে আমরা বাংলাদেশ ব্যাংককে আর্থিক ও ব্যবস্থাপনাগত সহায়তা দিতে আগ্রহী।”
বাংলাদেশ সরকারের এই উদ্যোগ কেবল পাচারকৃত অর্থ ফেরত আনার চেষ্টাই নয়, বরং অর্থনৈতিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

