২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবে ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর ছাড়ের সুবিধা বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। সমিতির মতে, সরকারের এই সিদ্ধান্ত দেশের ওষুধ খাতকে আরও শক্তিশালী করে তুলবে এবং শিল্পের ভবিষ্যৎ বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
বাজেট ঘোষণার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি জানিয়েছে, ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর ছাড়, বিশেষ করে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) শিল্পকে প্রতিষ্ঠিত করার পথে উল্লেখযোগ্য অগ্রগতি এনে দেবে। এর ফলে উচ্চমূল্যের ক্যান্সারবিরোধী ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধ সহজলভ্য হবে। বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯০ শতাংশ কাঁচামাল আমদানি করতে হয়। তাই এই নীতিগত পরিবর্তন আমদানিনির্ভরতা কমাতে সাহায্য করবে এবং দেশের ওষুধ বাজারে মূল্য স্থিতিশীলতা ও সরবরাহের নিশ্চয়তা তৈরি করবে।
সমিতি আরও মনে করে, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি ওষুধ শিল্পকে একটি গুরুত্বপূর্ণ রপ্তানি খাতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় প্রণোদনা দরকার। বর্তমান বাজেটে ওষুধ শিল্পে ব্যবহৃত স্যান্ডউইচ প্যানেল ও ল্যাবরেটরি ফার্নিচারে উচ্চ শুল্ক বহাল রাখা হয়েছে, যা আগে মাত্র ১ শতাংশ ছিল। সমিতি আশা প্রকাশ করেছে, সরকার এ বিষয়ে নতুন করে নজর দেবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে পদক্ষেপ গ্রহণ করবে।
এছাড়া বাজেট প্রস্তাবে রেফারেল হাসপাতালসহ ৫০ শয্যার বেশি সক্ষমতার সব ধরনের হাসপাতাল স্থাপনে যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক ও কর হ্রাসের যে প্রস্তাব রাখা হয়েছে, তা দেশের রোগীদের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করে সমিতি। একই সঙ্গে সাধারণ ও আইসিইউ অ্যাম্বুলেন্স এবং হাইব্রিড ও ইলেকট্রিক যানবাহনের ক্ষেত্রে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে ভ্যাট অব্যাহতির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জনগণের জন্য আরও কার্যকর সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি আশা করছে, বাজেটে প্রস্তাবিত সুবিধাগুলো বাস্তবায়িত হলে দেশের ওষুধ শিল্প একটি স্বয়ংসম্পূর্ণ ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক খাতে পরিণত হবে।

