মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান অভিযোগ করেছে, আজ শুক্রবার ভোরে তাদের রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান বলেছে, এ হামলার কঠোর জবাব তারা দেবে—এমনকি এর পরিণাম ‘নির্ণায়ক’ হতে পারে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, তেহরান ও নাতাঞ্জ শহরে একাধিক বিস্ফোরণ হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড বা বিপ্লবী গার্ডের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছেন বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং ২৫ বছরের অভিজ্ঞ পারমাণবিক বিজ্ঞানী ফারেদুন আব্বাসি।
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুলফজল শেখারচি এক বিবৃতিতে বলেন, “জায়নবাদী শক্তির এ আগ্রাসনের জবাব অবশ্যই দেওয়া হবে। ইসরায়েলকে এর চড়া মূল্য দিতে হবে।”
ইরানি নিরাপত্তা সংস্থার একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, “এই হামলার প্রতিশোধ হবে কঠোর ও ফলাফলের দিক থেকে তাৎপর্যপূর্ণ। সরকারের উচ্চপর্যায়ে কীভাবে জবাব দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে।”
ইসরায়েলের পক্ষ থেকেও হামলার সত্যতা স্বীকার করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, নাতাঞ্জ শহরের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তিনি সরাসরি বলেন, “যেসব বিজ্ঞানী ইরানের পারমাণবিক বোমা তৈরিতে যুক্ত ছিলেন, তারাই ছিল আমাদের লক্ষ্য।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রয়োজনে এমন অভিযান চলতেই থাকবে।”
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও বলেছেন, এ হামলা ছিল ‘আগাম প্রতিরোধমূলক’। অর্থাৎ, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্য এই হামলা চালানো হয়েছে।
এদিকে, তেহরানের বাসিন্দারা জানিয়েছে, শহরজুড়ে ৬ থেকে ৯টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমনকি কিছু আবাসিক ভবনেও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। আল-জাজিরার খবরে বলা হয়, উত্তর-পূর্ব তেহরানে বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে।
পরিস্থিতির প্রেক্ষিতে ইসরায়েলজুড়ে ‘বিশেষ জরুরি অবস্থা’ ঘোষণা করেছে নেতানিয়াহু সরকার।
ইরান-ইসরায়েল সম্পর্ক বহুদিন ধরেই শত্রুতাপূর্ণ। তবে সাম্প্রতিক এই হামলা ও পাল্টা হুমকি পরিস্থিতিকে আরও বিস্ফোরণযোগ্য করে তুলেছে। বিশেষ করে পারমাণবিক বিজ্ঞানী নিহত হওয়ার ঘটনা ইরানকে আরো কঠোর প্রতিক্রিয়ায় ঠেলে দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যজুড়েই উত্তেজনার পারদ চরমে। আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

