কোরবানির পশুর চামড়া নিয়ে পুরনো একটি স্বার্থান্বেষী সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে—এমন অভিযোগ তুলেছে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন। সংগঠনটির দাবি, এই সিন্ডিকেট একটি বৃহৎ চক্রান্তের অংশ, যা দেশে চামড়াশিল্প ধ্বংস করার উদ্দেশ্যে গঠিত। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় এখনই সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন আন্দোলনের নেতারা। বক্তারা জানান, কৌশলগতভাবে কোরবানির চামড়ার দরপতন ঘটিয়ে এবারের বাজার বিপর্যস্ত করা হয়েছে। ফলে দরিদ্র ও অসহায় মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা অভিযোগ করেন, গত বছরের মতো এবারও নিম্ন দামে সব ধরনের চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন কোরবানিদাতারা।
মানববন্ধনে বক্তারা জানান, বাণিজ্য মন্ত্রণালয় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করলেও বাস্তবে অনেক জায়গায় তা বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকায়। এমনকি কিছু ক্ষেত্রে এ দামের চেয়েও কম দামে চামড়া বিক্রি করতে হয়েছে। কোরবানিদাতাদের কাছ থেকে গরুর চামড়া সংগ্রহ করা হয়েছে সর্বোচ্চ ৪০০ থেকে ৬৫০ টাকায়, যা পরে ট্যানারি মালিকদের কাছে বিক্রি হয়েছে ৫০০ থেকে ৮০০ টাকায়। ফলে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটই লাভবান হয়েছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট খাত।
বক্তারা আরও বলেন, অতীতে যেভাবে দেশের পাটশিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল, ঠিক একইভাবে চামড়াশিল্পকেও ধ্বংস করার অপচেষ্টা চলছে। এর পেছনে রয়েছে বিদেশি ষড়যন্ত্র, যার সঙ্গে জড়িত দেশীয় কিছু অসাধু ট্যানারি মালিক। তারা চামড়ার দরপতনের সুযোগ নিয়ে লাভবান হলেও পুরো শিল্পখাত পড়েছে হুমকির মুখে।
সভায় বক্তারা স্পষ্টভাবে বলেন, চামড়া বাজারে যেসব গোপন চুক্তি ও দরপতনের খেলা চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। এ অবস্থা থেকে উত্তরণে অপরাধী সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের আহ্বায়ক মীর্জা শরিফুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গবেষক ও কলামিস্ট লায়ন মীর আবদুল আলীম, রাজনীতিবিদ লায়ন নুরুজ্জামান হীরা এবং মানবাধিকারকর্মী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সবশেষে বক্তারা বলেন, কোরবানির চামড়া সংগ্রহ ও বিপণন প্রক্রিয়াকে স্বচ্ছ, সুশৃঙ্খল এবং জবাবদিহিমূলক করার জন্য রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে বাংলাদেশের সম্ভাবনাময় চামড়াশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাবে, যা দেশের অর্থনীতি ও সাধারণ জনগণের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

