বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, দেশে ক্রমাগত গ্যাস উৎপাদন কমে আসছে এবং এ পরিস্থিতি সামাল দিতে সরকার গ্যাস উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর চেষ্টা করছে। তিনি জানান, প্রতিবছর গড়ে প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট করে গ্যাস উৎপাদন হ্রাস পাচ্ছে। এর বিপরীতে বাড়ছে এলএনজি আমদানির পরিমাণ, যা বৈদেশিক মুদ্রার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
শুক্রবার (১৩ জুন) সকালে সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে ৭ নম্বর কূপসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফাওজুল কবির খান আরও বলেন, যেসব এলাকায় গ্যাস উত্তোলন হচ্ছে, সেসব এলাকাতেও নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে না। এর পরিবর্তে ওইসবস অঞ্চলে স্বল্পমূল্যে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার সরবরাহ করার পরিকল্পনা নিয়েছে সরকার। সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হলো গ্যাস ব্যবহারে সুষমতা নিশ্চিত করা এবং অপচয় রোধ করা।
আবাসিক খাতে গ্যাস ব্যবহারের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বাসা-বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস ব্যবহারে বিপুল পরিমাণ অপচয় হচ্ছে। যদি সুযোগ থাকে, তবে কেয়ামত পর্যন্তও আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে।”
তিনি আরও জানান, কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের দুটি কূপ থেকে বর্তমানে প্রতিদিন ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে, যা দেশের সামগ্রিক গ্যাস সরবরাহে ইতিবাচক ভূমিকা রাখছে।
সরকারের এসব উদ্যোগ গ্যাসের টেকসই ব্যবস্থাপনা এবং জ্বালানিখাতে ভবিষ্যৎ নির্ভরতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেয়া হয়েছে বলে মত দেন ফাওজুল কবির খান।

