ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যেখানে অধিকাংশ তরুণ চাকরির বাজারে প্রবেশের জন্য প্রতিযোগিতায় নামেন, সেখানে মাসুদুর রহমান বেছে নিয়েছেন এক ব্যতিক্রমী পথ। ২০১৪ সালে ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি সরকারি চাকরির প্রতি আগ্রহ হারান। চেয়েছিলেন শিক্ষক হতে, গবেষণায় সময় দিতে কিন্তু উপযুক্ত কোনো সুযোগ না পাওয়ায় কৃষিকে নিজের সাধনার ক্ষেত্র হিসেবে গ্রহণ করেন।
রংপুরের পীরগঞ্জ উপজেলার খেজমতপুর গ্রামের এই উচ্চশিক্ষিত তরুণ এখন শুধুই কৃষক নন, এক জন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। নিজ জমিতে বিদেশি ২৫ জাতের আঙুর চাষের পাশাপাশি বাড়ির ছাদে গড়ে তুলেছেন বারোমাসি ফলের বাগান। তাঁর এই কর্মযজ্ঞ দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই।
সম্প্রতি তাঁর আঙুরবাগানে গিয়ে দেখা যায়, বাঁশ ও সুতা দিয়ে তৈরি করা বিশেষ মাচায় থোকায় থোকায় ঝুলে আছে নানা জাতের আঙুর। সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে কোথাও লম্বাটে, কোথাও গোল, আবার কোথাও হালকা রঙিন আঙুরের থোকা—যা দেখে মন জুড়িয়ে যায়। এই আঙুরগুলো এখন পরিপক্ব এবং খেতেও অত্যন্ত মিষ্টি।
রংপুর শহরের তাজহাট এলাকা থেকে আসা দর্শনার্থী ইয়াসির আরাফাত বলেন, “আমরা সাধারণত ইউটিউবে এ রকম আঙুর দেখি। বাস্তবে এমন আঙুর দেখতে পাব, ভাবিনি। চেখে দেখলাম—অত্যন্ত মিষ্টি।”
মাসুদুর রহমানের বাড়ির ছাদে রয়েছে প্রায় ১২০০ বর্গফুটের একটি ছাদবাগান। সেখানে থাই কমলা, ড্রাগন, জামরুল, মিষ্টি জলপাই, আমড়া, শরিফা, আনারসহ নানা ধরনের ১০ প্রজাতির বারোমাসি ফলের গাছ রয়েছে। বাড়ির নিচের ১০ শতাংশ জমিতে তিনি চাষ করছেন ২৫ জাতের আঙুর।
তিনি জানান- রাশিয়া, ইতালি, ভারতসহ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছেন আঙুরের চারা। বর্তমানে তাঁর বাগানে প্রায় ৫০টি আঙুরগাছে ফল ধরেছে। চলতি বছরে ইতিমধ্যে তিন মণ আঙুর বিক্রি করে আয় করেছেন প্রায় ৬০ হাজার টাকা। মাচা তৈরি, পরিচর্যা এবং চারা কেনাসহ এই উদ্যোগে তাঁর খরচ হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা। মণ দুয়েক আঙুর তিনি দর্শনার্থীদের মধ্যে বিলিয়েছেন এবং বাগানে এখনও রয়েছে আরও প্রায় তিন মণ আঙুর।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক না হতে পারলেও মাসুদুর কৃষিক্ষেত্রকে নিজের গবেষণার মাঠে পরিণত করেছেন। তাঁর মতে, “প্রথমে ভয় ছিল বিদেশি আঙুরের স্বাদ নিয়ে। কিন্তু এখন মানুষ খেয়ে মুগ্ধ। আমি চাই, দেশের প্রতিটি বাড়িতে অন্তত একটি মিষ্টি জাতের আঙুরগাছ থাকুক। যারা আগ্রহী, তাদের আমি চারা দিচ্ছি একেবারে বিনা মূল্যে।”
এখানেই শেষ নয়। মাসুদুর রহমানের কৃষি-উদ্যোগ আরও বিস্তৃত। বাড়ির পাশে ১৭ শতাংশ জমিতে তিনি চাষ করছেন আরও ১৫ জাতের বিদেশি ফল এবং সাথি ফসল হিসেবে চাষ করছেন আদা। এখান থেকে তিনি পেয়েছেন ৮০ হাজার টাকার মতো আয়। পাশাপাশি চার একর জমিতে চাষ করছেন আলু ও কচুর মুখি। কেবল কচুর মুখি থেকেই গত বছর তিনি প্রায় পাঁচ লাখ টাকা লাভ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার মাসুদুর রহমানের এই প্রচেষ্টাকে শুধু একটি ব্যতিক্রমী উদাহরণ নয় বরং একটি বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন। তিনি বলেন, “উচ্চশিক্ষিত একজন মানুষ কৃষিকে জীবনের লক্ষ্য করে দেশের মাটিতে বিদেশি ফল চাষ করছেন—এটি অত্যন্ত প্রশংসনীয়। তাঁর বাগানে যে পরিমাণ আঙুর ধরেছে, তা দেখে বোঝাই যায় না যে এটি বিদেশি জাত।”
মাসুদুর রহমান জানান, প্রতিদিনই তাঁর বাগান দেখতে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ছুটে আসেন। তিনি বিশ্বাস করেন, কৃষিতে যদি আরও তরুণ এগিয়ে আসে, তবে দেশের অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি তাঁদেরও স্বপ্ন সার্থক হবে। তাঁর মতো একজন তরুণের সাহসী সিদ্ধান্ত ও নিরলস পরিশ্রম যেন দেশের অন্য তরুণদের জন্য এক নতুন দিগন্তের দ্বার খুলে দেয়।

