চলর মে মাস পর্যন্ত ভারতের আদানি গ্রুপ বাংলাদেশ সরকারের কাছে ৭০ কোটি ডলার পাওনার দাবি করেছে। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বলছে, তাদের হিসাবে এ পাওনার পরিমাণ ৫০ কোটি ডলারেরও কম। মূলত কয়লার দামের ভিত্তি নির্ধারণে ব্যবহৃত সূচক নিয়ে ভিন্ন মতের কারণেই এই বিপুল অঙ্কের ব্যবধান তৈরি হয়েছে।
এই মতবিরোধ নিরসনে আগামী ২৩ জুন দুই পক্ষ বৈঠকে বসতে যাচ্ছে। আলোচনায় আদানির পক্ষ থেকে অংশ নেবে সিঙ্গাপুরভিত্তিক দুই সালিশি প্রতিষ্ঠানের চারজন প্রতিনিধি। অন্যদিকে, পিডিবির পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেবেন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম।
প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চ মাস থেকে ভারতের ঝাড়খন্ড প্রদেশের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে পিডিবির গড়ে ব্যয় হচ্ছে ১৪ থেকে ১৫ টাকা। আদানি গ্রুপ তাদের বিদ্যুৎ উৎপাদনের খরচ নির্ধারণ করেছে অস্ট্রেলিয়ার কয়লা নির্ভর একটি মিশ্র সূচককে ভিত্তি ধরে, যেখানে প্রতিটন কয়লার দাম তুলনামূলকভাবে বেশি। অপরদিকে, পিডিবি ইন্দোনেশিয়ার কয়লা মূল্য সূচক অনুসরণ করে, যেখানে প্রতিটন কয়লার দাম কম—এই ব্যবধান প্রায় ১০ থেকে ১২ ডলার পর্যন্ত। এ কারণে দুই পক্ষের হিসাব অনুযায়ী মে মাস পর্যন্ত বকেয়া পরিশোধের ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি ডলার বা প্রায় আড়াই হাজার কোটি টাকা।
এ প্রসঙ্গে পিডিবি চেয়ারম্যান রেজাউল করিম বলেন, “তারা (আদানি) একটা কয়লার দাম নির্ধারণ করেছে, আমরা বলছি অন্যরকম একটা মূল্য। এ নিয়েই মূলত মতবিরোধ। আমরা চাই আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে। আলোচনা যদি ফলপ্রসূ হয়, তারা কিছু ছাড় দিক, আমরাও কিছু ছাড় দিয়ে এমন একটা অবস্থানে যেতে পারি যাতে দেশের স্বার্থ রক্ষা হয়। কারণ এ ধরনের চুক্তি দীর্ঘমেয়াদী এবং পারস্পরিক বোঝাপড়ার জায়গা থাকলে দেশ উপকৃত হবে।”
তবে জ্বালানি বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ে খুব একটা আশাবাদী নন। তাদের মতে, বাংলাদেশে স্থাপিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি পূর্ণ সক্ষমতায় চালু রাখা যেত, তাহলে আদানি গ্রুপের তুলনায় অনেক কম দামে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো। তাদের অভিযোগ, আগের সরকার চুক্তির মাধ্যমে আদানিকে বিদ্যুৎ ও কয়লার দামে একচেটিয়া সুবিধা দিয়েছে, যার ফলে পিডিবি এখন দরকষাকষির পর্যায়ে গিয়েও খুব একটা সুবিধা করতে পারছে না।
ভোক্তা অধিকার সংগঠন ক্যাব-এর জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, “এই চুক্তির মধ্যে জনস্বার্থ রক্ষার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সরকার যেভাবে নানা রিভিউ ও সংশোধনের কথা বলছে, বাস্তবে তা অসঙ্গতি ও লুণ্ঠনেরই সুরক্ষা দিচ্ছে।”
অন্যদিকে, সময়মতো বিল পরিশোধ না করায় আদানি গ্রুপের কাছে পিডিবির জরিমানা ও সুদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ডলার, যা প্রতিমাসে বাড়ছে ৬০ লাখ ডলারেরও বেশি হারে।
এই পরিস্থিতি সমাধানে আসন্ন বৈঠকে কী সিদ্ধান্ত আসে, তা দেশের জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে একটি স্বচ্ছ, যৌক্তিক ও টেকসই সমাধান এখন সময়ের দাবি।

