লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনরত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠক নিয়ে আশাবাদী প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। তিনি মনে করছেন, এই আলোচনায় নির্বাচনের সময়সূচি নিয়ে যে সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে এবং ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস জাগাবে।
শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে তাসকীন আহমেদ বলেন, ব্যবসার স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, “আমরা সবসময়ই চাই রাজনীতি ও ব্যবসা আলাদা থাকুক। কিন্তু বাস্তবতা হলো, বিনিয়োগ ও ব্যবসার জন্য দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দরকার।”
তিনি আরও বলেন, “গত এক বছর আমরা এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছি। নির্বাচন ঘিরে সরকার ও বিরোধী দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছিল। কিন্তু আজকের বৈঠক একটি ইতিবাচক বার্তা দিয়েছে এবং সেই উদ্বেগ কিছুটা হলেও কমেছে।”
তাসকীন আহমেদ মনে করেন, ব্যবসায়ীদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অধীনে স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য পরিবেশ। নির্বাচনের তারিখ নির্ধারণ ও নির্বাচন পরিচালনা সরকারের এখতিয়ার হলেও, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে তা আরও বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করা সম্ভব।
তিনি আরও বলেন, “নির্বাচন এখনও আট থেকে নয় মাস দূরে। এই সময়টাতেও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে যেভাবে নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়াবে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।”
ডিসিসিআই সভাপতি তার বিবৃতিতে আবারও ব্যবসা ও রাজনীতিকে পৃথক রাখার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহও বাড়বে, যা সামগ্রিকভাবে অর্থনীতিকে গতিশীল করে তুলবে।

