ইসরায়েল ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের পাশাপাশি সোনার দামও বেড়ে চলেছে। গতকাল শুরু হওয়া এই ঊর্ধ্বগতির ধারা আজ শনিবার সকালেও অব্যাহত রয়েছে, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে আবারও নিরাপদ আশ্রয়ের খোঁজে সোনার প্রতি ঝোঁক বেড়েছে।
আজ শনিবার সকালে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৫৪ দশমিক শূন্য ২ ডলার বা ১ দশমিক ৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৩ দশমিক ৪৭ ডলারে। পাশাপাশি রুপার দামেও হালকা বৃদ্ধি লক্ষ্য করা গেছে; আউন্সপ্রতি দাম বেড়েছে শূন্য দশমিক শূন্য ৯ ডলার বা ০.২৫ শতাংশ। এই তথ্য জানিয়েছে স্বর্ণমূল্য পর্যালোচনাকারী প্রতিষ্ঠান গোল্ড প্রাইস ডট অর্গ।
সোনার এই ধারাবাহিক মূল্যবৃদ্ধির ফলে স্পট মার্কেটে আজ প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৩ ডলার, আর গোল্ড ফিউচার্সের দাম বেড়ে হয়েছে ৩ হাজার ৪৫২ দশমিক ৮০ ডলার। রুপার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে—স্পট মার্কেটে এর দাম দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩২ ডলার এবং ফিউচার্সে ৩৬ দশমিক ৩৫ ডলার।
শুক্রবারই বিশ্ববাজারে সোনার দাম বড় ধরনের উল্লম্ফন ঘটায়। কারণ হিসেবে ধরা হয়েছে ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলার ঘটনায় সৃষ্ট অনিশ্চয়তা। এতে বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচনা করে বিনিয়োগ বাড়াতে থাকেন। সে দিন স্পট মার্কেটে সোনার দাম ০.৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৪১৭ দশমিক ১০ ডলারে পৌঁছে যায়। উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের এপ্রিল মাসেই সোনার দাম রেকর্ড ৩ হাজার ৫০০ ডলার স্পর্শ করেছিল। আজকের দামে সেই রেকর্ড আবারও ছুঁয়ে ফেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, সোনার এই ঊর্ধ্বমুখী প্রবণতা হয়তো গোল্ড ফিউচার্সে ৩ হাজার ৪৪৪ ডলারের আশপাশে থেমে যেতে পারে, যদি সপ্তাহান্তে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। সেক্ষেত্রে স্বল্পমেয়াদে সোনার দামে কিছুটা মন্দাভাব আসতে পারে।
সোনা বরাবরই একটি নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে পরিচিত, বিশেষ করে যখন বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা সেই চিত্র আরও স্পষ্ট করেছে। বিনিয়োগকারীরা এই অনিশ্চয়তার সময় নিজেদের সম্পদকে নিরাপদ রাখতে সোনার দিকে ঝুঁকছেন।
বিশ্লেষকেরা মনে করছেন, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত সোনার চাহিদা বাড়তেই থাকবে, ফলে দামও বাড়তে পারে। যদিও সোনা থেকে সরাসরি কোনো সুদ পাওয়া যায় না, তবুও সুদের হারের হ্রাসের শঙ্কা তৈরি হলে এটি বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এদিকে, মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার নিয়ে নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে, যা সোনার দামের ওপর আরও চাপ সৃষ্টি করেছে। ফলে অনেকে এখনই বিনিয়োগ নিশ্চিত করছেন, কারণ বাজার পরিস্থিতি যেকোনো সময় পাল্টে যেতে পারে। সোনার দামের ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে আরেকটি কারণ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা নিয়ে চলমান অনিশ্চয়তা। গত সপ্তাহ থেকেই এই অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। যদিও আলোচনায় কিছুটা অগ্রগতির আভাস মিলেছে, তবুও সুস্পষ্ট চুক্তির অভাবে বাজারে আস্থার ঘাটতি রয়ে গেছে।
এদিকে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মন্দার সম্ভাবনা ৩৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য আলোচনায় সক্রিয় অবস্থান বাজারে স্বস্তি ফেরাতে সহায়ক হয়েছে বলেই এই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাজারের অস্থিরতা এখনো বিদ্যমান। ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরান-ইসরায়েল সংঘাত যদি আরও তীব্র আকার ধারণ করে, তাহলে সোনার দাম ৩ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যাওয়াও অস্বাভাবিক হবে না। বিশেষত, ‘নিরাপদ বিনিয়োগ’ হিসেবে সোনার চাহিদা যদি বাড়তে থাকে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার সংক্রান্ত সিদ্ধান্ত, বৈশ্বিক মূল্যস্ফীতির গতি এবং বাণিজ্যের গতি—এই তিনটি বিষয় আগামী কিছুদিনে সোনা ও অন্যান্য পণ্যমূল্যের দরে বড় ধরনের প্রভাব ফেলবে। সব মিলিয়ে, রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার এই সময় সোনা আবারও বিনিয়োগকারীদের কাছে একটি নির্ভরযোগ্য ও নিরাপদ সম্পদ হিসেবে গুরুত্ব পাচ্ছে।

