বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সরকার ও বেসরকারি খাতের অংশীদারিত্বমূলক উদ্যোগ। অর্থাৎ সরকারি-বেসরকারি অংশীদারি বা পিপিপি (PPP) পদ্ধতির প্রচলন এক দশকেরও বেশি সময় ধরে চললেও এখনো এটি কাঙ্ক্ষিত গতি পায়নি। বিশ্বজুড়ে পিপিপি মডেল যেখানে ব্যাপকভাবে জনপ্রিয়, সেখানে বাংলাদেশে এটি এখনো কার্যকরভাবে বিনিয়োগ আকর্ষণে ব্যর্থ হচ্ছে। গুটিকয় প্রকল্প বাস্তবায়িত হলেও তার অধিকাংশই সরকার থেকে সরকার (G2G) পর্যায়ের সিদ্ধান্তের ফসল। অর্থাৎ প্রকৃত পিপিপি অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ এখনও পুরোপুরি সৃষ্টি হয়নি।
পিপিপির সাফল্যের বড় বাধাগুলোর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জটিলতা ও দেশের আর্থিক অবকাঠামোর সীমাবদ্ধতা। সরকারি ব্যাখ্যায় বলা হয়, দেশের বেসরকারি বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি প্রকল্পে বিনিয়োগে আগ্রহী নন। অপরদিকে বিনিয়োগকারীরা বলছেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার এখনো কার্যকর নীতিগত পদক্ষেপ নেয়নি।
এ প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ পিপিপি খাতে ৫ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন, যা আগের বছরের ৪ হাজার ৭০০ কোটি টাকার তুলনায় সামান্য বৃদ্ধি। বাজেট বক্তৃতায় তিনি জানান, বেসরকারি বিনিয়োগ বাড়াতে ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) চালু করা হয়েছে, যা ৪৩টি সরকারি সংস্থার ১৩৪টি সেবা প্রদান করছে। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ)’ চালু হয়েছে, যার মাধ্যমে এক প্ল্যাটফর্মে আবেদন, প্রক্রিয়াকরণ ও সেবা প্রদান করা সম্ভব হচ্ছে।
এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের জন্য ‘ইনভেস্টমেন্ট পাইপলাইন’ গঠনের কথাও উল্লেখ করেন সালেহউদ্দিন আহমেদ, যার মাধ্যমে প্রতিশ্রুত বিনিয়োগগুলো বাস্তবায়নের পথে নেওয়া সহজ হবে। পিপিপি কার্যক্রম তদারকির জন্য ২০১০ সালে গঠিত হয় পিপিপি কর্তৃপক্ষ। সূত্র মতে, শুরুর দিকে ৩৪টি ও পরে ৪০টি প্রকল্প চিহ্নিত করা হলেও বর্তমানে ৮১টি প্রকল্প রয়েছে কর্তৃপক্ষের হাতে। এর মধ্যে ২০টি শনাক্তকরণ পর্যায়ে রয়েছে, ২৯টি উন্নয়ন পর্যায়ে, ১৪টি দরপত্রের অপেক্ষায় এবং ১৮টি বর্তমানে বাস্তবায়নের পথে রয়েছে।
পিপিপি মূলত এমন একটি মডেল যেখানে বেসরকারি খাত সরকারের সঙ্গে অংশীদার হয়ে জনগণের জন্য সেবা তৈরি করে। এ ক্ষেত্রে তিনটি প্রচলিত মডেল হলো নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তর (BOOT), নির্মাণ, পরিচালনা ও হস্তান্তর (BOT) এবং নির্মাণ, মালিকানা ও পরিচালনা (BOO)। তবে দেশে দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎসের অভাব এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারণী দুর্বলতা প্রকৃত অংশীদারিত্বকে বাধাগ্রস্ত করছে।
পিপিপি কর্তৃপক্ষের মুখপাত্র মো. আলী আজম আল আজাদ জানান, চিকিৎসাসহ অবকাঠামো খাতের উন্নয়নে পিপিপির সম্ভাবনা প্রচুর। তবে বিষয়টি নতুন হওয়ায় গতি কিছুটা কম। নীতিনির্ধারকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ভবিষ্যতে গতি বাড়বে। তার মতে, দেশীয় বিনিয়োগকারীদের মধ্যে এখনো পিপিপি নিয়ে আগ্রহের ঘাটতি রয়েছে, তবে ভবিষ্যতে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে।
২০০৯ সালে তৎকালীন অর্থমন্ত্রী প্রয়াত এ এম এ মুহিত পিপিপির সম্ভাবনাকে সামনে রেখে প্রথমবারের মতো ২ হাজার ৫০০ কোটি টাকার বরাদ্দ রাখেন বাজেটে। তখন তিনি বলেছিলেন, দেশের বড় অবকাঠামো যেমন সেতু, রেলপথ, হাসপাতাল, বন্দর নির্মাণ সরকারের একার পক্ষে করা সম্ভব নয়, তাই বেসরকারি অংশীদার দরকার। পরবর্তীতে তিনি পিপিপি আইন, নীতিমালা ও বিধিমালারও সূচনা করেন। প্রতি অর্থবছরে গড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও তা কার্যকরভাবে ব্যবহার হয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই খরচ হয়েছে কেবল সম্ভাব্যতা যাচাইয়ের জন্য।
বর্তমানে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যার আংশিক উদ্বোধন হয়ে গেলেও কাজ এখনো সম্পূর্ণ হয়নি। প্রকল্পটির বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান হলো ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড। একইভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ চলছে, যেখানে জাপানের জাইকা অর্থায়ন করছে এবং প্রকল্প বাস্তবায়নে কাজ করছে মিতসুবিশি, ফুজিতা ও স্যামসাংয়ের যৌথ ভেঞ্চার।
চীনের সিসিসিএল কোম্পানি হাতিরঝিল-রামপুরা-আমুলিয়া-ডেমরা সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে যুক্ত রয়েছে। ঢাকা বাইপাস প্রকল্পে চীনের সিচুয়েন রোড অ্যান্ড ব্রিজ, বাংলাদেশের শামীম এন্টারপ্রাইজ ও ইউডিই কনস্ট্রাকশন লিমিটেড যৌথভাবে কাজ করছে। এই প্রেক্ষাপটে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান বলেন, মুনাফার সুযোগ না থাকলে তো বেসরকারি খাত আসবে না, এটা স্বাভাবিক। দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ নেই দেশে। গ্রিন ফিল্ড কোম্পানিকে পুঁজিবাজারে আসতে দেওয়া হচ্ছে না। ব্যাংক মাত্র পাঁচ বছরের জন্য ঋণ দেয়। পিপিপির পর্ষদে নেই বেসরকারি খাতের প্রতিনিধিত্ব। আগে নীতি সমস্যা দূর করতে হবে, শুধু আহ্বান জানালেই পিপিপিতে বিনিয়োগ আসবে না।
সরকার ও বিনিয়োগকারীদের মধ্যকার এই দূরত্ব ঘোচাতে হলে, প্রকৃত অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। সুনির্দিষ্ট ও স্থায়ী নীতিমালার মাধ্যমে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ঝুঁকি কমাতে পারলেই পিপিপি হয়ে উঠতে পারে বাংলাদেশের টেকসই অবকাঠামো উন্নয়নের এক প্রধান ভিত্তি।

