পশ্চিম এশিয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে সঙ্ঘাতের জেরে, যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। বেশ কিছু দিন ধরে ব্যারেলপ্রতি ৬০ থেকে ৬৫ ডলারের মধ্যে স্থিতিশীল থাকলেও, অশোধিত তেলের দাম হঠাৎ করেই উর্ধ্বমুখী হয়েছে। শুক্রবার ইরানে ইসরাইলের হামলার পরপরই ইউরোপের ব্রেন্ট ক্রুডের দাম পৌঁছেছে ব্যারেলপ্রতি প্রায় ৭৬ ডলারে এবং আমেরিকার ডব্লিউটিআই তেল ৭৩ ডলারের ঘরে পৌঁছে গেছে।
বিশ্ববাজারে অশোধিত তেলের সর্বশেষ বড় মূল্যবৃদ্ধি হয়েছিল ২০২২ সালের জুনে, যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সেবার তেলের দাম একসময় ব্যারেলপ্রতি ১২২ ডলার পর্যন্ত উঠেছিল। এবারও তেলের বাজারে যে চাঞ্চল্য তৈরি হয়েছে, তার মূলে রয়েছে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট জোগান-সংকটের ভয়। কারণ, ইরান পশ্চিম এশিয়ার অন্যতম প্রধান তেল উৎপাদক ও রফতানিকারক দেশ।
এদিন ইসরায়েল তেহরানের পরমাণু কেন্দ্র এবং কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এর পাল্টা জবাব হিসেবে ইরানও প্রতিআক্রমণে নেমেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংঘর্ষ দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে, যার সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে তেলের সরবরাহে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি আরও জটিল হলে অশোধিত তেলের দাম আবারও ১২০ ডলারে পৌঁছাতে পারে।
আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর মতে, এই মুহূর্তে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর প্রভাব শুধু জ্বালানির ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। যানবাহন ব্যয়ের সঙ্গে সঙ্গে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিও অনিবার্য হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে এক নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে

