বাংলাদেশে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে সরকারি খাতের দক্ষতা বাড়াতে ২৫ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। ১৪ জুন শনিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিটার) শীর্ষক একটি প্রকল্পের আওতায় এই অর্থায়ন অনুমোদন করেছে সংস্থাটির নির্বাহী পরিচালকদের বোর্ড। এ প্রকল্পের মাধ্যমে সরকারের চলমান সংস্কার কর্মসূচিগুলোকে শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাপনার পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে কার্যকর উন্নয়ন আনা হবে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে পরিসংখ্যান ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ পরিকল্পনা, ক্রয় ব্যবস্থাপনা এবং আর্থিক তদারকির ক্ষেত্রে।
প্রকল্পটির মাধ্যমে পাঁচটি প্রধান সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। বিশ্বব্যাংকের বাংলাদেশের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, এই বিনিয়োগ সরকারের ডিজিটাল রূপান্তরের উদ্যোগকে গতিশীল করবে, যা স্বচ্ছতা বাড়াবে, দুর্নীতির ঝুঁকি কমাবে এবং জনগণের কাছে সরকারি সেবার মান ও প্রবেশাধিকার উন্নত করবে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি জনআস্থা আরও বৃদ্ধি পাবে।
সিটার প্রকল্পের মাধ্যমে রাজস্ব আদায়ের প্রক্রিয়াকে আধুনিকীকরণ, স্বতঃস্ফূর্ত ট্যাক্স প্রদান উৎসাহিত করা এবং রাজস্ব আয়ের পরিমাণ বাড়িয়ে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া সরকারি ব্যয়ের ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থার দ্বিতীয় প্রজন্ম চালু এবং অডিট ব্যবস্থার ডিজিটাল সংস্করণ বাস্তবায়নের পরিকল্পনাও এই প্রকল্পের অংশ।
এছাড়াও, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার বর্তমানে আরেকটি ‘ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট’ (ডিপিসি) চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে, যা এ মাসের শেষ দিকে বোর্ড সভায় উপস্থাপন করা হবে। এটি স্বচ্ছতা, রাজস্ব আহরণ, ব্যাংকিং খাতের সংস্কার, তথ্য ব্যবস্থাপনা, সরকারি বিনিয়োগ, অডিট কার্যক্রম এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে। সিটার প্রকল্প এই ডিপিসির পরিপূরক হিসেবে কাজ করবে।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও প্রকল্পের টিম লিডার সুলেমান কুলিবালি বলেন, এই প্রকল্পের মাধ্যমে একটি সামগ্রিক কৌশলের আলোকে পাঁচটি মূল প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো হচ্ছে, যা দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটার ও ডিপিসি একত্রে সরকারের আর্থিক ব্যবস্থাপনা এবং জনসেবা উন্নয়নে সফটওয়্যার ও হার্ডওয়্যারভিত্তিক সমন্বিত সহায়তা দেবে।
এই উদ্যোগকে সামনে রেখে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্ব আরও দৃঢ় হচ্ছে, যা দেশের প্রশাসনিক দক্ষতা, অর্থনৈতিক স্বচ্ছতা এবং নাগরিক সেবার মানোন্নয়নে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়।

