Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রযুক্তি বাড়ছে, আয় কেন বাড়ছে না?
    অর্থনীতি

    প্রযুক্তি বাড়ছে, আয় কেন বাড়ছে না?

    কাজি হেলালজুন 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দারিদ্র্য নয়, বৈষম্যই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বর্তমান বিশ্বে প্রযুক্তির ব্যাপক অগ্রগতি জীবনের প্রায় প্রতিটি খাতে আমূল পরিবর্তন এনেছে। বাংলাদেশও প্রযুক্তির এই বৈপ্লবিক পরিবর্তনের বাইরে নয়। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে ইন্টারনেট, মোবাইল প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়েছে নগর থেকে গ্রাম পর্যন্ত। অনলাইন শিক্ষা, ই-কমার্স, ফ্রিল্যান্সিং, মোবাইল ব্যাংকিংসহ নানা ডিজিটাল সেবা এখন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।

    কিন্তু প্রশ্ন হলো এই প্রযুক্তিগত অগ্রগতি আমাদের জীবনযাত্রার মান বাড়ালেও, সাধারণ মানুষের ব্যক্তিগত আয়ে কি তার প্রতিফলন ঘটেছে? বাস্তবতা বলছে প্রযুক্তির এই অগ্রগতির সঙ্গে মানুষের আয় বাড়ছে না সেই অনুপাতে, বরং আয় বৈষম্য বাড়ছে এবং অনেকক্ষেত্রে প্রযুক্তি নিজেরাই কিছু মানুষের চাকরি কেড়ে নিচ্ছে। এই বৈসাদৃশ্য কেবল আর্থিক নয়, এটি আমাদের উন্নয়ন কাঠামো ও নীতির দিক থেকেও এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। প্রযুক্তির সুবিধা পেয়েও মানুষ তার আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারছে না কারণ- এর পেছনে রয়েছে কিছু বাস্তব এবং জটিল কারণ।

    প্রথমতঃ প্রযুক্তির ব্যবহার এবং তা থেকে আয় বাড়ানোর সুযোগ সবার জন্য সমানভাবে সহজলভ্য নয়। শহরের তুলনায় গ্রামের মানুষ অনেকটাই পিছিয়ে আছে ইন্টারনেট গতি, ডিভাইসের মান এবং ব্যবহারিক জ্ঞানের দিক থেকে। আবার সমাজের এক অংশ প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে পারছে বিশেষ করে শিক্ষিত, শহরভিত্তিক বা উচ্চ আয়ের মানুষ। কিন্তু অনেকেই বিশেষ করে প্রান্তিক ও কম শিক্ষিত জনগোষ্ঠী, প্রযুক্তির এই সুযোগ থেকে বঞ্চিত।  ফলে একটি ডিজিটাল বৈষম্য তৈরি হয়েছে।

    দ্বিতীয়তঃ প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণের অভাব ব্যাপক। শুধু প্রযুক্তি হাতে পেলেই আয় বাড়ে তা ব্যবহার করে কিছু সৃজনশীল কাজ করতে জানতে হয়। উদাহরণ স্বরূপ  ফ্রিল্যান্সিং বা অনলাইন ব্যবসা করতে হলে ডিজিটাল মার্কেটিং, কমিউনিকেশন স্কিল বা প্রযুক্তিগত দক্ষতা দরকার, যা অনেকেরই নেই। দেশে অনেক প্রশিক্ষণ কেন্দ্র থাকলেও তাদের গুণগত মান, অঞ্চলভিত্তিক বিস্তার ও বাস্তবমুখী শিক্ষা নিয়ে প্রশ্ন আছে।

    তৃতীয়তঃ প্রযুক্তি ব্যবহারের খরচ এখনও অনেকের নাগালের বাইরে। স্মার্টফোন, ল্যাপটপ, ভালো মানের ইন্টারনেট কানেকশন সবই ব্যয়সাধ্য। নিম্ন আয়ের মানুষদের পক্ষে এই খরচ বহন করা কঠিন। তাই প্রযুক্তি কাছে থাকলেও তারা তা কাজে লাগাতে পারে না।

    চতুর্থতঃ কিছু প্রযুক্তি যেমন: অটোমেশন ও এআই মানুষের চাকরি কেড়ে নিচ্ছে। অনেক কারখানা বা অফিসে এখন কম লোক দিয়ে প্রযুক্তির মাধ্যমে বেশি কাজ করানো হচ্ছে। ফলে নিম্ন দক্ষতা সম্পন্ন শ্রমজীবী মানুষের চাকরির সুযোগ কমে গেছে।

    এছাড়াও সরকারের কিছু নীতি, অর্থনৈতিক কাঠামোর সীমাবদ্ধতা এবং সমাজে নারীদের প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা ইত্যাদিও আয়ের ওপর প্রভাব ফেলছে। প্রযুক্তির ব্যবহারে যদি নারী, প্রান্তিক জনগোষ্ঠী ও তরুণরা পিছিয়ে পড়ে তাহলে তাদের আর্থিক উন্নয়নও থমকে যাবে। সব মিলিয়ে প্রযুক্তির অগ্রগতি যেন সমাজের সব স্তরে একভাবে কাজ করছে না। এটি একদিকে কিছু মানুষকে দ্রুত এগিয়ে নিচ্ছে, আবার অন্যদিকে অনেককে পিছিয়ে পড়া অবস্থায় রেখে দিচ্ছে। তাই কেবল প্রযুক্তির পরিমাণ বাড়ালেই হবে না তা যেন সবাই ব্যবহার করতে পারে, সে জন্য দক্ষতা, সুযোগ এবং সমান ব্যবহারের নিশ্চয়তা দিতে হবে। একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে এখনই সময় প্রযুক্তিকে সবার নাগালে নিয়ে আসা এবং তা দিয়ে সত্যিকার অর্থে মানুষের আয় বৃদ্ধির পথ তৈরি করা।

    প্রযুক্তির অগ্রগতিতে বিনিয়োগ ও বাস্তবতা: গত এক যুগে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। ২০১০ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত সময়কালে এই খাতে সরকারের বিনিয়োগের পরিমাণ প্রায় ৬৫ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বিনিয়োগ করা হয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা, আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রায় ৪০ হাজার কোটি টাকা। এই বিপুল বিনিয়োগের লক্ষ্য ছিল একটি ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তোলা, যেখানে প্রযুক্তি হবে উন্নয়নের চালিকাশক্তি†Uve

    প্রশ্ন থেকে যায় এই বিনিয়োগের ফলাফল কতটা কার্যকর হয়েছে? ২০২৪ সালের জুনে জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU) কর্তৃক প্রকাশিত আইসিটি উন্নয়ন সূচকে (ICT Development Index – IDI) বাংলাদেশের স্কোর হয়েছে ১০০-এর মধ্যে মাত্র ৬২। এই স্কোরটি বৈশ্বিক গড় (৭৪.৮) এবং এমনকি নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর গড় স্কোর (৬৪.৮)-এরও নিচে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম ও ভুটানের মতো দেশও এই সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। ছাড়া ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা এবং গতি নিয়েও বাংলাদেশ অনেক পিছিয়ে। উদাহরণ স্বরূপ- ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স অনুযায়ী ২০২৪ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ ইন্টারনেট গতির দিক থেকে বিশ্বের ১৪৭টি দেশের মধ্যে রয়েছে ১০৯তম স্থানে। এই থেকে বোঝা যায় দেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে এখনও মানসম্মত ও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছায়নি।

    আইসিটি উন্নয়ন সূচকে মোট ১০টি মানদণ্ড বিবেচনায় নেওয়া হয় যার মধ্যে ৭টিতেই বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর গড় স্কোরের চেয়েও পিছিয়ে আছে। এসব মানদণ্ডে অন্তর্ভুক্ত রয়েছে যেমন: ইন্টারনেট ব্যবহারের হার, ব্রডব্যান্ড সংযোগ, ডিজিটাল দক্ষতা, আইটি সেবা ব্যবহার এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রযুক্তিতে প্রবেশাধিকার। এই চিত্রটি স্পষ্ট করে যে, বিপুল বিনিয়োগ সত্ত্বেও প্রযুক্তির সুবিধা দেশের প্রতিটি মানুষের হাতে পৌঁছায়নি। ফলে যে রূপান্তরের প্রত্যাশা ছিল তা বাস্তবায়িত হয়নি। ডিজিটাল বৈষম্য, দক্ষতা ঘাটতি, অবকাঠামোর দুর্বলতা এবং বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকারিতার অভাব এই বিনিয়োগকে কাঙ্ক্ষিত ফল দিতে বাঁধাগ্রস্ত করেছে।

    সুতরাং কেবল অর্থ বিনিয়োগ করলেই প্রযুক্তিগত অগ্রগতি হয় না। এর সঙ্গে থাকতে হয় দক্ষ মানবসম্পদ, মানসম্মত ইন্টারনেট, অন্তর্ভুক্তিমূলক নীতি এবং কার্যকর বাস্তবায়ন কাঠামো। এই বাস্তবতাকে স্বীকার করে প্রযুক্তি খাতের উন্নয়ন পরিকল্পনায় নতুন করে ভাবার সময় এসেছে—যাতে বাংলাদেশের প্রযুক্তি বিনিয়োগ সত্যিই মানুষের আয়ে, উৎপাদনশীলতায় ও জীবনমানের উন্নয়নে অবদান রাখতে পারে।

    কেন এই বৈপরীত্য? প্রযুক্তি আজকের বিশ্বের অন্যতম চালিকাশক্তি। এটি আমাদের জীবনধারায় এনেছে বিপ্লব, খুলে দিয়েছে জ্ঞানের দ্বার, আর তৈরি করেছে নতুন নতুন কাজের সুযোগ। তবে এই অগ্রগতির মধ্যেও এক বড় প্রশ্ন থেকেই যায়—যেখানে প্রযুক্তি এত দ্রুত এগিয়ে চলেছে, সেখানে অনেক মানুষের আয় কেন বাড়ছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় প্রযুক্তির ব্যবহার ও তার সুফল গ্রহণের মধ্যে একধরনের বৈপরীত্য সৃষ্টি হয়েছে, যার মূল কারণ ব্যবহারের ভারসাম্যহীনতা, দক্ষতার অভাব এবং নীতিগত দুর্বলতা।

    প্রথমতঃ দেশের অনেক মানুষ এখন প্রযুক্তি ব্যবহার করতে পারলেও তা দিয়ে আয়ের সুষ্ঠু পথ খুঁজে পান না। যেমন: অনলাইন প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং কিংবা প্রোগ্রামিংয়ের মাধ্যমে আয় করার সুযোগ থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ইংরেজি ভাষার দক্ষতার ঘাটতির কারণে বহু মানুষ পিছিয়ে রয়েছেন। ফলে প্রযুক্তি হাতে থাকা সত্ত্বেও তারা তার পূর্ণ সুবিধা নিতে পারছেন না।

    দ্বিতীয়ত: প্রযুক্তির প্রসারে অনেক জায়গায় মানুষকে প্রতিস্থাপন করছে মেশিন। ব্যাংকিং, কল সেন্টার, পরিবহন এবং উৎপাদনশীল খাতগুলোতে অটোমেশনের ফলে স্বল্প-দক্ষতাসম্পন্ন মানুষ কাজ হারাচ্ছেন। এতে আয় না বাড়ার পরিবর্তে আয় কমার ঝুঁকিও বাড়ছে।

    তৃতীয়ত: প্রযুক্তির সুফল ভোগ করছে মূলতঃ বড় কর্পোরেট প্রতিষ্ঠান ও উচ্চ শিক্ষিত শ্রেণি। ফলে সমাজে ডিজিটাল বৈষম্য বাড়ছে। প্রযুক্তি কিছু মানুষের আয় বহুগুণ বাড়ালেও, সেই সুবিধা সবার কাছে পৌঁছাচ্ছে না। গ্রামের সাধারণ মানুষ বা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রযুক্তি এখনো সঠিকভাবে উপযোগী হয়ে ওঠেনি।

    চতুর্থতঃ শিক্ষা ব্যবস্থার দুর্বলতা ও নীতিগত অসঙ্গতিও এই বৈপরীত্যের বড় কারণ। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো প্রযুক্তি-নির্ভর আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়নি। দক্ষতা ভিত্তিক কারিগরি ও ডিজিটাল শিক্ষা এখনো পর্যাপ্তভাবে বিস্তৃত হয়নি।

    অন্যদিকে প্রযুক্তির সুবিধাগুলোও অস্বীকার করা যায় না। এটি মানুষকে যুক্ত করেছে বৈশ্বিক জগতে, শিক্ষা ও কর্মসংস্থানে দিয়েছে নতুন দিগন্ত, বাড়িয়েছে বিনোদনের পরিধি এবং চিকিৎসা ব্যবস্থাকে করেছে সহজতর। অনলাইন শিক্ষা, মোবাইল হেলথ অ্যাপ, ওয়ার্ক-ফ্রম-হোম মডেল বা অনলাইন বাজার প্রযুক্তিকে করেছে জনবান্ধব। তবে প্রযুক্তির নেতিবাচক দিকও কম নয়। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারে চোখ ও শরীরের ক্ষতি হচ্ছে, মানসিক চাপ ও একাকিত্ব বাড়ছে এবং সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। শিশু-কিশোরদের মধ্যে ইন্টারনেট আসক্তি কিংবা অনলাইন অপরাধের ঝুঁকিও বাড়ছে। সাইবার নিরাপত্তার অভাবের কারণে ব্যক্তিগত তথ্য অনিরাপদ হয়ে পড়ছে।

    এই বৈপরীত্যের মূল নির্যাস হলো প্রযুক্তি নিজে ভালো বা খারাপ নয়, বরং এটি কেমনভাবে ব্যবহার করা হচ্ছে, তার ওপর নির্ভর করে সুফল বা কুফল। প্রযুক্তিকে আয় বৃদ্ধির কার্যকর মাধ্যমে রূপ দিতে হলে প্রয়োজন দক্ষ জনশক্তি, প্রশিক্ষণ, সবার জন্য প্রযুক্তি সহজলভ্য করা এবং সময়োপযোগী নীতি। পাশাপাশি এর অপব্যবহার রোধে চাই সচেতনতা, শিক্ষা ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা। সুতরাং প্রযুক্তির অগ্রগতিকে আয় বৃদ্ধির পথে রূপান্তর করতে হলে এই বৈপরীত্য দূর করার জন্য আমাদের এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে—যাতে প্রযুক্তি সত্যিকার অর্থেই সবার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।

    আইটি রপ্তানি ও দক্ষতার ঘাটতির সম্ভাবনার মাঝে প্রতিবন্ধকতা: বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত গত এক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে রপ্তানি বৃদ্ধির এই গতিকে টেকসই করতে হলে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে—দক্ষ জনবল সংকট। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা সায়েন্স, ব্লকচেইন এবং সাইবার সিকিউরিটি–এর মতো উন্নত প্রযুক্তি খাতে প্রয়োজনীয় দক্ষতার ঘাটতি দেশের সম্ভাব্য বৈশ্বিক বাজার ধরতে বাঁধা সৃষ্টি করছে।

    ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত তথ্যপ্রযুক্তি রপ্তানি ২ দশমিক ৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪০৭ দশমিক ০৭ মিলিয়ন ডলারে। এই মন্দার প্রভাব পড়েছে সামগ্রিক রপ্তানি আয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও। যদিও ২০২৪ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশের আইটি রপ্তানি প্রায় ১০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে, তবুও এই খাতে দীর্ঘমেয়াদি সাফল্য পেতে হলে মানবসম্পদের গুণগত উন্নয়ন এখন সময়ের দাবি।

    বিশেষজ্ঞরা মনে করেন উন্নত প্রযুক্তিভিত্তিক বাজারে প্রবেশ করতে হলে প্রথাগত সফটওয়্যার ও সার্ভিস রপ্তানির বাইরে এসে উচ্চ মূল্য সংযোজিত প্রযুক্তিপণ্য ও সেবা তৈরির দিকে মনোযোগ দিতে হবে। এজন্য দেশের তরুণদের মাঝে সুনির্দিষ্ট দক্ষতা গড়ে তোলার পাশাপাশি প্রয়োজন উদ্ভাবনী, প্রতিযোগিতামূলক এবং ব্যবসা-বান্ধব পরিবেশ। বর্তমানে দেশের অনেক তরুণ ফ্রিল্যান্সিং কিংবা আইটি-ভিত্তিক আয়ের সুযোগ সম্পর্কে সচেতন হলেও যথাযথ প্রশিক্ষণ, ইংরেজি দক্ষতা এবং বাস্তবভিত্তিক কারিগরি শিক্ষা না থাকায় তারা আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারছে না। এই ঘাটতি পূরণে কারিগরি শিক্ষার পাঠক্রম যুগোপযোগী করা এবং উন্নত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন অপরিহার্য।

    তবে কেবল মানবসম্পদ উন্নয়নই যথেষ্ট নয়। আইটি খাতে পরিকাঠামো উন্নয়ন, উচ্চগতির ইন্টারনেট, বিশ্বমানের ডেটা সেন্টার এবং নিরাপদ অনলাইন লেনদেন ব্যবস্থা গড়ে তোলাও জরুরি। পাশাপাশি আইটি খাতে সরকারি বিনিয়োগে স্বচ্ছতা, কর সুবিধা, স্টার্টআপদের জন্য সহজ শর্তে অর্থায়ন এবং গবেষণায় উৎসাহ প্রদান এই খাতকে টেকসই রপ্তানি খাতে রূপান্তর করতে পারে।

    সরকার ২০২৫ সালের মধ্যে আইটি রপ্তানি ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে এখনই প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, বাস্তবসম্মত পদক্ষেপ এবং কার্যকর বাস্তবায়ন কৌশল। প্রযুক্তি খাতে বাংলাদেশের সম্ভাবনা অনেক, তবে তা বাস্তবে রূপ দিতে হলে দক্ষতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় বিপ্লব ঘটাতে হবে।

    প্রযুক্তিনির্ভর উন্নয়নের পথে এগিয়ে যেতে সুপারিশ ও করনীয় গুলো: প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে শুধু প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করলেই হবে না প্রয়োজন সুসংগঠিত পরিকল্পনা, দক্ষ মানবসম্পদ এবং সর্বস্তরে প্রযুক্তির সুফল পৌঁছে দেওয়া। এই লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

    প্রথমতঃ প্রযুক্তিভিত্তিক দক্ষতা গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ব্লকচেইন ও সাইবার নিরাপত্তার মতো খাতে তরুণদের প্রস্তুত করতে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র, আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠ্যক্রম এবং দক্ষ প্রশিক্ষক গড়ে তোলা আবশ্যক। পাশাপাশি ইংরেজি ও সফট স্কিলের উন্নয়নেও জোর দিতে হবে।

    দ্বিতীয়তঃ সরকারি প্রকল্পে দেশীয় প্রযুক্তি কোম্পানিগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এতে দেশীয় সফটওয়্যার ও পরিষেবা খাত বিকাশ পাবে, উদ্যোক্তারা উৎসাহিত হবেন এবং দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। স্থানীয় উদ্ভাবন ও সমাধানকে অগ্রাধিকার দিলে টেকসই প্রযুক্তি খাত গড়ে তোলা সম্ভব হবে।

    তৃতীয়তঃ যেকোনো প্রযুক্তিনির্ভর প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে হবে। প্রকল্প বাস্তবায়নের সময় বাজেট অপচয়, অদক্ষ ব্যবস্থাপনা বা দুর্নীতির সুযোগ থাকলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না। তাই নীতিমালার কঠোর বাস্তবায়ন ও পর্যবেক্ষণ জরুরি।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রযুক্তির সুফল যেন সমাজের একটি নির্দিষ্ট গোষ্ঠী বা শহর কেন্দ্রিক জনগোষ্ঠীতে সীমাবদ্ধ না থাকে। প্রযুক্তি ব্যবহারের সুবিধা গ্রাম, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের কাছে পৌঁছাতে হবে। এজন্য ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে এবং আয় বৈষম্য হ্রাসে প্রযুক্তি-ভিত্তিক সামাজিক নীতিমালা গ্রহণ করতে হবে। বাংলাদেশের প্রযুক্তি খাত বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষমতা রাখে। তবে সে ক্ষমতাকে বাস্তবে রূপ দিতে হলে পরিকল্পিত উদ্যোগ, দক্ষতা, স্বচ্ছতা ও সমতা—এই চারটি স্তম্ভের ওপর ভিত্তি করে এগিয়ে যেতে হবে।

    প্রযুক্তির অগ্রগতি আমাদের জন্য অনেক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। জীবনযাত্রা সহজ হয়েছে, তথ্য ও সেবার প্রবেশাধিকার বেড়েছে, কিন্তু সব মানুষের আয় একসাথে বাড়ছে না। এর পেছনে রয়েছে দক্ষতার অভাব, সুযোগের বৈষম্য, প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা এবং নীতিগত দুর্বলতা। প্রযুক্তির সুফল তখনই সবার কাছে পৌঁছাবে যখন আমরা শিক্ষা, প্রশিক্ষণ ও অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষকে এই পরিবর্তনের অংশ করতে পারব। তাই প্রযুক্তির সঠিক ও সমন্বিত ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক সমতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এখন সময়ের চ্যালেঞ্জ এবং সুযোগ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.