চট্টগ্রামের আড়তগুলোতে কোরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি শুরু হয়েছে। ঈদের পরদিন থেকেই ঢাকার একাধিক ট্যানারি মালিক চট্টগ্রামের বিভিন্ন আড়তে উপস্থিত হয়ে চামড়া সংগ্রহ করছেন। তবে এই সংগ্রহ প্রক্রিয়ায় চট্টগ্রামের আড়তদারদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কম দামে চামড়া কিনছেন ট্যানারি মালিকরা, ফলে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।
সরকার প্রতি বর্গফুট লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে ৫৫ থেকে ৬০ টাকা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ঢাকার ট্যানারি মালিকরা প্রতি বর্গফুট চামড়া ৩৮ থেকে ৪০ টাকায় কিনছেন। এতে চট্টগ্রামের আড়তদাররা চামড়া বিক্রি করে খরচও তুলতে পারছেন না। এবার ঈদুল আজহায় চট্টগ্রামে চার লাখ ১৫ হাজার পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। এসব চামড়া নগরীর আতুরার ডিপো এলাকার বিভিন্ন আড়তে মজুত রয়েছে। যদিও কম দামে চামড়া কিনে লাভের প্রত্যাশা থাকলেও, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে না পারার আশঙ্কায় আড়তদারদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
আড়তদারদের ভাষ্যমতে, ঢাকার ট্যানারি মালিক ও তাদের প্রতিনিধিরা চট্টগ্রামের পরিচিত কিছু আড়ত ঘুরে চামড়া যাচাই করছেন। ইতোমধ্যে আতুরার ডিপো, মুরাদপুর বিবিরহাট এবং হামজারবাগ এলাকার আড়তগুলোতে চামড়া ক্রয়-বিক্রয়ে সরগরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার থেকেই এসব এলাকায় চামড়া কেনাবেচা শুরু হয়।
সর্বশেষ তথ্যমতে, ঢাকার বেশ কয়েকজন ট্যানারি মালিক এখন চট্টগ্রামে অবস্থান করছেন। শনিবার পর্যন্ত প্রায় ৫০ হাজার কাঁচা চামড়া বিক্রি হয়েছে। এর মধ্যে ঢাকার আরএসএম লেদার একাই ১৫ হাজার চামড়া কিনেছে। অন্যদিকে প্রতি বছর ১৫ থেকে ২০ হাজার চামড়া কেনা খোকন ট্যানারি ও পান্না লেদারের মালিক আকবর হোসেন এবারও সমপরিমাণ চামড়া সংগ্রহ করবেন বলে জানা গেছে।
চট্টগ্রামে এক সময় ট্যানারি শিল্প গড়ে উঠলেও তা টেকসই হয়নি। ১৯৯০ এর দশকে এখানে ২২টি ট্যানারি স্থাপিত হয়। কিন্তু চামড়ার বাজারে দরপতন, লোকসান এবং ইটিপি (বর্জ্য পরিশোধনাগার) স্থাপন না করার কারণে ২১টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বর্তমানে কেবল ‘রিফ লেদার’ নামে একটি ট্যানারি চালু রয়েছে, যারা ইতোমধ্যে ৫০ হাজার চামড়া সংগ্রহ করেছে।
চট্টগ্রামে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চামড়া সংগ্রহ হয়েছে। ছোট গরুর চামড়া ৩০০-৪০০ টাকা, মাঝারি আকারের ৫০০-৬০০ টাকা এবং বড় গরুর চামড়া ৬০০-৭০০ টাকা দরে কেনা হয়েছে। মৌসুমি ব্যবসায়ীরা বাড়ি বাড়ি গিয়ে চামড়া সংগ্রহ করেন, যা কয়েকবার হাত বদলের পর শহরের প্রধান চামড়ার আড়ত এলাকায় আসে এবং দাম বেড়ে যায়। তবে অতিরিক্ত গরমের কারণে চট্টগ্রামে ইতোমধ্যে ৫০০-৬০০ পিস চামড়া নষ্ট হয়েছে, যা আড়তদারদের জন্য আরেকটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
চামড়ার আড়তদার সাইফুল জানান, চট্টগ্রামে কার্যকর ট্যানারি না থাকায় বিক্রির জন্য ঢাকার ট্যানারিগুলোর ওপর নির্ভর করতে হয়। ঢাকায় বর্তমানে প্রায় ২২৫টি ট্যানারি রয়েছে। এর মধ্যে খোকন লেদার, ভুলুয়া ট্যানারি, সালমা ট্যানারি, মহুয়া ট্যানারি, পান্না লেদারসহ প্রায় ২০টি প্রতিষ্ঠান চট্টগ্রাম থেকে চামড়া কিনে থাকে। তবে এখনো অনেক ট্যানারি মালিক চট্টগ্রামে আসেননি।
কাঁচা চামড়া আড়তদার সমিতির নেতা মুসলিম উদ্দিন দৈনিক যুগান্তরকে বলেন, সরকার যেভাবে চামড়ার দাম নির্ধারণ করেছে, বাস্তবে তা কার্যকর হচ্ছে না। ৫৫-৬০ টাকার পরিবর্তে ট্যানারি মালিকরা ৩৮-৪০ টাকায় চামড়া নিচ্ছেন, এতে চট্টগ্রামের আড়তদারদের জন্য লাভ তো দূরের কথা, পুঁজি টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, “আমরা আত্মীয়-স্বজনদের কাছ থেকে টাকা ধার করে চামড়া সংগ্রহ করি। কিন্তু প্রতিবছরই দেখা যায়, এই ব্যবসা থেকে কোনও লাভ হয় না।”
চট্টগ্রামের আড়তদাররা এখন সরকারের হস্তক্ষেপ কামনা করছেন যাতে নির্ধারিত দামে চামড়া বিক্রির নিশ্চয়তা দেওয়া হয় এবং দেশের চামড়া শিল্প টিকে থাকতে পারে।

