বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি শক্তিশালী ব্যাংক গঠনের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক অডিট ফার্মের সহায়তায় যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) চালিয়েছে, তার প্রাথমিক ফলাফল চমকে দেওয়ার মতো।
অডিট প্রতিবেদন অনুযায়ী, এতদিন যেসব ঋণ নিয়মিত হিসেবে দেখানো হচ্ছিল, সেই ঋণগুলোর একটি বড় অংশ প্রায় ৮৫ হাজার কোটি টাকা আসলে খেলাপি। সব মিলিয়ে পাঁচটি ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, যা ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় ৭৭ শতাংশ। এত বিশাল পরিমাণ খেলাপি ঋণের ফলে ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন ঘাটতি দেখা দিয়েছে প্রায় ৭৪ হাজার ৫০১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই এসব সমস্যার গভীরে যেতে ছয়টি ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থার মূল্যায়নে আর্নেস্ট অ্যান্ড ইয়াং এবং কেপিএমজি এই দুই আন্তর্জাতিক অডিট ফার্মকে নিয়োগ দিয়েছিল। তাদের মাধ্যমে এসব ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, আমানত ও ঋণসহ সার্বিক চিত্র বের করা হয়। আর্নেস্ট অ্যান্ড ইয়াং এক্সিম, সোশ্যাল ইসলামী ও আইসিবি ইসলামী ব্যাংকের মূল্যায়ন করে, আর কেপিএমজি কাজ করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংকের ওপর।
তবে আইসিবি ইসলামী ব্যাংকের মালিকানা বিদেশিদের হাতে থাকায় আপাতত সেটিকে একীভূতকরণের পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়েছে। বাকি পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি বড় ইসলামী ব্যাংক গঠনের লক্ষ্যে ঈদের আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত মে মাসে সরকার ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। এই আইনের আওতায় আগামী জুলাই থেকে ১৫ অক্টোবরের মধ্যে একীভূতকরণের প্রথম ধাপ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের পাঁচটি টিম নিবিড় পর্যবেক্ষণে রাখবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে।
অডিট ফার্মগুলোর প্রতিবেদনের ভিত্তি ছিল গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময়কাল, যেখানে বাংলাদেশ ব্যাংকের ডিসেম্বরভিত্তিক কুইক সামারির সঙ্গেও সঙ্গতি পাওয়া গেছে। তবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নিজেদের দাখিলকৃত রিপোর্টের সঙ্গে এই অডিটের ফারাক ছিল ব্যাপক। প্রতিটি ব্যাংকেই ঋণের পরিমাণ আমানতের তুলনায় অনেক বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আমানতকারী অর্থ তুলে নিয়েছেন, কিন্তু ঋণের অর্থ প্রত্যাশিতভাবে ফেরত আসেনি, ফলে দেখা দিয়েছে তরলতার সংকট।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান জানান, আগে পুনঃতপশিলের মাধ্যমে অনেক ঋণ নিয়মিত দেখানো হতো। তিনি দায়িত্ব গ্রহণের সময় ফার্স্ট সিকিউরিটির খেলাপি ঋণের হার ছিল মাত্র সাড়ে ৪ শতাংশ। তবে ছয় মাসের ব্যবধানে ডিসেম্বর নাগাদ এটি বেড়ে দাঁড়ায় ব্যাংকের নিজস্ব হিসাবেই ২৯ শতাংশে। আর একিউআরের হিসেবে তা আরও বেশি। কারণ, এতে ঋণের গুণগত মান, জামানতের সুরক্ষা এবং ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের কার্যক্রম সবকিছু বিবেচনায় নেওয়া হয়। ফলে দুই তথ্যে ব্যবধান থাকা স্বাভাবিক।
বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর দায়িত্ব নিয়ে সেই অবৈধ সুবিধা বন্ধ করেছেন। সেই সঙ্গে নিশ্চিত করতে চেয়েছেন, কোনো ব্যাংক যেন আমানতকারীর অর্থ ফেরত দিতে ব্যর্থ না হয়। এই লক্ষ্যেই কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ধার হিসেবে কয়েকটি ব্যাংককে বিপুল অর্থ সহায়তা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি অর্থ পেয়েছে এক্সিম ব্যাংক ৮ হাজার ৫০০ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ৭ হাজার ৫০ কোটি টাকা পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী। এরপর এসআইবিএল পেয়েছে ৬ হাজার ৬৭৫ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক ২ হাজার ২৯৫ কোটি এবং ইউনিয়ন ব্যাংক পেয়েছে ২ হাজার ৪০০ কোটি টাকা।

