আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু খাতে নতুন করে কর আরোপ এবং কিছু খাতে কর ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির ওপর সরাসরি প্রভাব পড়তে পারে। বাজেটে যেসব খাতে কর বাড়ানো হয়েছে, সেসব খাতে ব্যবসার ব্যয়ও বাড়বে বলে ধারণা করছেন বাজারসংশ্লিষ্টরা। অন্যদিকে কর ছাড় পাওয়া খাতগুলোর কোম্পানিগুলো কিছুটা আর্থিক স্বস্তি পেতে পারে।
পুঁজিবাজারভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্র্যাক-ইপিএল সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড বাজেট প্রস্তাব বিশ্লেষণ করে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বিভিন্ন খাতের সম্ভাব্য প্রভাব তুলে ধরা হয়েছে। এসব বিশ্লেষণ অনুযায়ী, তথ্যপ্রযুক্তি, ওষুধ ও রসায়ন, জ্বালানি ও বিদ্যুৎ, ইলেকট্রনিকস, খাদ্য, আবাসন, সিমেন্ট ও অটোমোবাইল খাতের ওপর প্রস্তাবিত বাজেটের ইতিবাচক প্রভাব পড়তে পারে। টেলিযোগাযোগ, পার্সোনাল কেয়ার ও আর্থিক প্রতিষ্ঠান খাতের ক্ষেত্রে বাজেটের প্রভাব হবে মিশ্র। তবে বস্ত্র, কাগজ, নির্মাণ, ইস্পাত এবং তামাক খাতের কোম্পানিগুলোর জন্য বাজেট কিছুটা চাপ সৃষ্টি করতে পারে।
বস্ত্র খাতের ওপর প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। উৎপাদন পর্যায়ে কটন ইয়ার্ন ও ম্যান-মেড ফাইবারের ক্ষেত্রে প্রতি কেজিতে কর ৩ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবারের ওপর ১ শতাংশ হারে আবগারি শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে স্কয়ার টেক্সটাইলস, মতিন স্পিনিং, এপেক্স স্পিনিং, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, মোজাফফর হোসেন স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল ও আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির উৎপাদন খরচ বাড়তে পারে।
কাগজ খাতেও কর বাড়ানোর প্রস্তাব এসেছে। উৎপাদন পর্যায়ে সেল্ফ-কপি পেপার ও ডুপ্লেক্স বোর্ড/কোটেড পেপারের ওপর মূসকের হার সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এতে বসুন্ধরা পেপার মিলসসহ এ খাতের অন্যান্য কোম্পানির ব্যয় বাড়বে বলে মনে করা হচ্ছে। নির্মাণ খাতের কোম্পানিগুলোর ক্ষেত্রেও প্রভাব পড়বে। এ খাতে মূসকের হার সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর ফলে প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি ঠিকাদারদের মুনাফা কমে যেতে পারে। এ প্রভাব সরাসরি মির আকতার হোসেন লিমিটেডের মতো তালিকাভুক্ত কোম্পানির ব্যবসার ওপর পড়তে পারে।
ইস্পাত খাতে প্রস্তাবিত বাজেটে এমএস পণ্যের বিভিন্ন ধাপে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত কর আরোপের প্রস্তাব রয়েছে। এতে স্ক্র্যাপ আয়রন ও ফেরো অ্যালয়সের উৎপাদন ব্যয় বাড়বে। জিপিএইচ ইস্পাত, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, ডমিনেজ স্টিল, আরএসআরএম স্টিল, এস আলম কোল্ড রোলড স্টিল ও এসএস স্টিল কোম্পানিগুলো এ কারণে সরাসরি প্রভাবিত হতে পারে।
তামাক খাতে সিগারেট উৎপাদনকারীদের ওপর অগ্রিম করহার ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এছাড়া বাণিজ্যিক আমদানিকারকদের মাধ্যমে আমদানি করা সিগারেট পেপারের ওপর সম্পূরক শুল্ক ১৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে তামাক কোম্পানিগুলোর নগদ অর্থপ্রবাহে চাপ বাড়বে এবং তারল্য সংকট দেখা দিতে পারে। কোম্পানিগুলোকে স্বল্পমেয়াদি ঋণ নিতে হতে পারে, যা তাদের আর্থিক ব্যয় বাড়িয়ে দেবে। তবে অবৈধ সিগারেট উৎপাদনে বাধা সৃষ্টি হলে বৈধ কোম্পানিগুলোর বিক্রি বাড়ার সুযোগ তৈরি হতে পারে।
সার্বিকভাবে প্রস্তাবিত বাজেটে কোনো কোনো খাতের জন্য খরচ বেড়ে যাওয়ার শঙ্কা থাকলেও কিছু খাতের জন্য রয়েছে বাড়তি সুবিধা। পুঁজিবাজারে এর প্রভাবও হবে খাতভেদে ভিন্ন। বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের উচিত এসব খাত ও কোম্পানির ওপর বাজেটের সরাসরি ও পরোক্ষ প্রভাব বিবেচনায় রেখে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা।

